গণজাগরণ ঘিরে হীন তৎপরতা প্রতিহত করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহবাগ প্রজন্ম চত্বর সাধারণ মানুষের অংশগ্রহণে গড়ে ওঠা অনন্য উদাহরণ। মানুষের কাছে এ চত্বরের বার্তা এরই মধ্যে পৌঁছে গেছে। এই আন্দোলনকে ঘিরে শুরু হওয়া হীন তৎপরতা প্রতিহত করতে না পারলে দেশ বড় সংকটে পড়তে পারে।ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গতকাল শনিবার অনুষ্ঠিত বাংলাদেশের প্রথম পরিকল্পনা কমিশনের সদস্য ও বঙ্গবন্ধু পরিষদের সাবেক সভাপতি অর্থনীতিবিদ মুশার্রফ হোসেনের শোকসভায় বক্তারা এসব কথা বলেন। শোকসভা সঞ্চালনা করেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। গত শুক্রবার ঢাকায় মৃত্যুবরণ করেন মুশার্রফ হোসেন। শোকসভার শুরুতে তাঁর স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।বিশিষ্ট শিক্ষাবিদ জিল্লুর রহমান সিদ্দিকী বলেন, রিকশাচালক, দোকানদার থেকে শুরু করে সমাজের সব শ্রেণীর মানুষের সঙ্গে মিশতে পারতেন মুশার্রফ হোসেন। ছাত্র-শিক্ষকের মধ্যকার ঘনিষ্ঠ সম্পর্ক আজকাল কম দেখা যায়। কিন্তু তিনি ছিলেন ছাত্রদের অনেক প্রিয় শিক্ষক।জিল্লুর রহমান সিদ্দিকী আরও বলেন, পশ্চিম পাকিস্তান যে পূর্ব পাকিস্তানকে বঞ্চিত করছিল, রেহমান সোবহান, আনিসুর রহমান ও নুরুল ইসলামদের সঙ্গে মিলে তা তুলে ধরেছিলেন মুশার্রফ হোসেন, যার ভিত্তিতে ছয় দফা ও মুক্তিযুদ্ধ হয়। মুজিবনগর সরকারে যোগ দিয়েছিলেন তিনি। পরবর্তী সময়ে স্বৈরাচারবিরোধী আন্দোলনেও ভূমিকা রাখেন।ড. কামাল হোসেন বলেন, ‘অন্যায়ের বিরুদ্ধে গড়ে ওঠা শহীদ মিনার আজ আক্রান্ত। হামলাকারীদের আমরা ধিক্কার জানাই। আর শাহবাগের গণজাগরণ আমাদের অনুপ্রাণিত করে। অথচ একে বিতর্কিত করার চেষ্টা চলছে।’৯০ শতাংশের মুসলমানের দেশে ধর্মীয় অনুভূতিতে কে আঘাত করছে—প্রশ্ন রেখে ড. কামাল বলেন, সংবিধানে ধর্মকে যুক্ত করে ধর্মের অপব্যবহার করা হচ্ছে।প্রজন্ম চত্বরে অন্যায়ভাবে যেন কেউ প্রভাব বিস্তার করতে না পারে উল্লেখ করে কামাল হোসেন বলেন, বিভেদ-বিভাজনের পরিবর্তে এখন দরকার ঐক্যবদ্ধ আন্দোলন। আর খেয়াল রাখা দরকার যে শাহবাগ চত্বরের শক্তিকে যেন ক্ষমতায় যাওয়ার জন্য ব্যবহার করা না হয়। এই সময়ে অর্থনীতিবিদ মুশার্রফ হোসেনের দর্শন জাতির প্রয়োজনেই দরকার ছিল উল্লেখ করে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের পরিবেশ তৈরির দাবি জানান ড. কামাল হোসেন।রাজনীতিবিদ মাহমুদুর রহমান মান্না বলেন, মুশার্রফ হোসেন যদি বেঁচে থাকতেন, তাহলে দেখে যেতে পারতেন যে প্রজন্ম চত্বর জাতির এক অনন্য উদাহরণ। শোকসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম আসামি কমান্ডার (অব.) আবদুর রউফ, গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী, নিজেরা করির সমন্বয়কারী খুশী কবির, মুশার্রফ হোসেনের ছাত্র আইনজীবী সুব্রত চৌধুরী, গণফোরামের নেতা মোস্তফা মহসিন মন্টু প্রমুখ।