গণজাগরণ মঞ্চ ও ছাত্রলীগের হরতালবিরোধী মিছিল
জামায়াতে ইসলামীর ডাকা হরতাল প্রত্যাখ্যান করে হরতালবিরোধী মিছিল ও সমাবেশ করেছে গণজাগরণ মঞ্চ ও বাংলাদেশ ছাত্রলীগ। এ সময় তারা জামায়াতের রাজনীতি নিষিদ্ধ ও যুদ্ধাপরাধীদের নাগরিকত্ব বাতিলের দাবি জানায়।
গতকাল বুধবার দুপুরে আলাদাভাবে গণজাগরণ মঞ্চ ও ছাত্রলীগ এসব কর্মসূচি পালন করে।
হরতাল প্রত্যাখ্যান করে গতকাল বেলা ১১টা থেকে শাহবাগে অবস্থান নেন গণজাগরণ মঞ্চের নেতা-কর্মীরা। এ সময় তাঁরা জামায়াত-শিবির ও যুদ্ধাপরাধবিরোধী নানা স্লোগান দেন।
মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, ‘জামায়াতের ডাকা ন্যক্কারজনক হরতাল আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। জামায়াত একটি অবৈধ রাষ্ট্রবিরোধী সংগঠন। এ দেশে হরতাল ডাকার কোনো অধিকার তাদের নাই। এই হরতাল ডেকে তারা সর্বোচ্চ আদালত ও রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।’
ইমরান বলেন, ‘যুদ্ধাপরাধী জামায়াত-শিবির হরতাল ডেকে মানুষ হত্যা, নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করে যাচ্ছে, অথচ এখনো সরকার জামায়াত নিষিদ্ধ করেনি।’
দুপুরে মঞ্চের কর্মী-সংগঠকেরা মিছিল করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) ঘুরে আবার শাহবাগে ফিরে আসেন।
প্রায় একই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে এক সমাবেশে যুদ্ধাপরাধীদের নাগরিকত্ব বাতিলের দাবি জানান ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান। তিনি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকেও ‘বাংলাদেশ থেকে নিষিদ্ধ’ করার দাবি জানান।