গণজাগরণ মঞ্চ নরসিংদী যাচ্ছে আজ

‘গণজাগরণ ঘরে ঘরে’ কর্মসূচি নিয়ে আজ রোববার নরসিংদী যাচ্ছে গণজাগরণ মঞ্চ৷ যাওয়ার পথেও বিভিন্ন জায়গায় তাদের প্রচারণা চলবে৷
মঞ্চের মাসব্যাপী প্রচারণা কার্যক্রমের অংশ হিসেবে এটি তৃতীয় জেলা সফর। এর আগে ১১ জুন গাজীপুর ও ১৬ জুন মানিকগঞ্জে প্রচারণা চালাতে গিয়েছিল গণজাগরণ মঞ্চের ঢাকার কর্মীদের একাংশ।
গণজাগরণ মঞ্চের প্রচার সেল জানিয়েছে, সকাল নয়টায় শাহবাগ থেকে রওনা হয়ে গণজাগরণ মঞ্চের কর্মীরা গাউছিয়ায় বেলা ১১টায়, মাধবদীতে দুপুর ১২টায়, পাঁচদোনা মোড়ে বেলা একটায়, নরসিংদীর স্বাধীনতা চত্বরে বেলা দুইটায় ও নরসিংদী সরকারি কলেজ মাঠে বিকেল পাঁচটায় প্রচারণা চালাবেন।
কর্মসূচির ২২তম দিনে গতকাল শনিবার বিকেল থেকে রাজধানীর রবীন্দ্রসরোবর, ধানমন্ডি ৩২ নম্বর ও আশপাশের এলাকায় প্রচারণা কার্যক্রম চলেছে। যুদ্ধাপরাধীদের বিচারের সাম্প্রতিক অবস্থা অবহিত করতে ও ভবিষ্যতে রায় বাস্তবায়নকালীন জামায়াত-শিবিরের সম্ভাব্য তাণ্ডব মোকাবিলায় জনগণকে দিকনির্দেশনা দিতে সারা দেশে একযোগে মাসব্যাপী এ কর্মসূচি হাতে নেওয়া হয়৷ ২৭ জুন কর্মসূচি শেষ হবে৷