গণজাগরণ মঞ্চ: প্রয়োজন ফুরিয়েছে, সরকারের পিছটান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ছাত্রলীগের সরে যাওয়ার মধ্য দিয়ে গণজাগরণ মঞ্চে যে ভাঙন শুরু হয়েছিল, তা এখন চূড়ান্ত আকার ধারণ করেছে। ক্ষমতাসীন দলও চায় না গণজাগরণ মঞ্চ আর টিকে থাকুক। প্রয়োজন ফুরিয়েছে বহুল আলোচিত গণজাগরণ মঞ্চের।
ছাত্রলীগ সূত্র জানায়, আওয়ামী লীগের সর্বোচ্চ পর্যায়ের পরামর্শে ছাত্রলীগ প্রথম দিনই এই আন্দোলনে যোগ দিয়েছিল। তাদের মূল উদ্দেশ্য ছিল এই জাগরণকে কাজে লাগানো এবং যাতে কোনো ধরনের সরকারবিরোধী আন্দোলন দানা বাঁধতে না পারে, তা নিশ্চিত করা। আবার সর্বোচ্চ পর্যায়ের পরামর্শেই তারা পরে আন্দোলন থেকে নিজেদের গুটিয়ে নেয়। কারণ, এখন আর গণজাগরণ মঞ্চের দরকার নেই।
গত বছরের ৫ ফেব্রুয়ারি আবদুল কাদের মোল্লার রায়কে কেন্দ্র করে ব্লগারস অ্যান্ড অনলাইন অ্যাকটিভিস্ট নেটওয়ার্কের আহ্বানে শাহবাগে এ আন্দোলন শুরু হয়। পরে তা গণজাগরণ মঞ্চ হিসেবে পরিচিতি পায়। এর মুখপাত্র হিসেবে দায়িত্ব পান সরকারি দলের সমর্থক চিকিৎসক ইমরান এইচ সরকার। ছাত্রদল, ছাত্রশিবির ছাড়া সব কটি ছাত্রসংগঠন এই আন্দোলনে যোগ দেয়। সরকারের পক্ষ থেকেও তাদের নানাভাবে সহায়তা দেওয়া হয়। আর এখন কার্যত ছাত্র ইউনিয়ন, ছাত্রফ্রন্টের একাংশ ছাড়া আর কোনো ছাত্রসংগঠন ইমরানের সঙ্গে নেই।
সংশ্লিষ্ট ছাত্রসংগঠনগুলোর একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা যায়, ফাঁসি কার্যকর ও জামায়াতের রাজনীতি নিষিদ্ধসহ গণজাগরণ মঞ্চের ছয় দফা দাবির বাইরে বিভিন্ন রাজনৈতিক বিষয়ে ইমরানের মন্তব্য, সিদ্ধান্ত গ্রহণে একক কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা, দল গঠনের চিন্তা, আর্থিক লেনদেন নিয়ে অস্পষ্টতা গণজাগরণ মঞ্চে ভাঙন ধরাতে সহায়তা করেছে। আর এই বিষয়গুলো ব্যবহার করেই আড়ালে থেকে ভাঙন ত্বরান্বিত করার সুযোগ পেয়েছে ছাত্রলীগ।
তবে ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম বলেছেন, ছাত্রলীগের কথা যখন মঞ্চ রাখেনি, তখন সাংগঠনিক কারণে তাঁরা নিজেদের মঞ্চ থেকে গুটিয়ে নিয়েছেন। আর যখন ইমরান এইচ সরকার হামলার জন্য ছাত্রলীগ-যুবলীগকে দায়ী করেন, তখন অবস্থান স্পষ্ট করার জন্য ছাত্রলীগ তাদের বক্তব্য দিয়েছে। মঞ্চের বিরোধ তাদের অভ্যন্তরীণ বিষয়। এখানে ছাত্রলীগ কোনোভাবে জড়িত নয়।
ছাত্রলীগের সরে যাওয়া ও ভাঙন: শুরু থেকেই বিভিন্ন কর্মসূচি নেওয়ার ক্ষেত্রে মঞ্চের মুখপাত্রের সঙ্গে ছাত্রলীগের কিছু মতভিন্নতা দেখা দেয়। ছাত্রলীগ চেয়েছিল ১৭ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধনের বিল পাস হওয়ার পর আন্দোলন গুটিয়ে নিতে। ফেব্রুয়ারির শেষ দিকে এসে ছাত্রলীগ বুঝতে শুরু করে, তারা মঞ্চকে নিয়ন্ত্রণ করতে পারছে না। গণজাগরণ মঞ্চ নিজেদের আলাদা একটি শক্তি হিসেবে দাঁড় করাতে চাইছে। গত বছরের ১৩ মার্চ চট্টগ্রামে গণজাগরণ মঞ্চের সমাবেশকে কেন্দ্র করে ছাত্রলীগের সঙ্গে মঞ্চের দূরত্ব সৃষ্টি হয়। ছাত্রলীগ চেয়েছিল ওই সমাবেশ না করতে। কিন্তু ছাত্রলীগকে অনেকটা অন্ধকারে রেখে মঞ্চ সমাবেশ করতে চেয়েছিল। এরপর ২৬ মার্চ মহাসমাবেশ থেকে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে যাত্রা কর্মসূচি ঘোষণা এবং সরকারবিরোধী কিছু স্লোগানকে কেন্দ্র করে ছাত্রলীগের সঙ্গে দূরত্ব প্রকাশ্যে আসে।
জানতে চাইলে ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামান প্রথম আলোকে বলেন, গণজাগরণ মঞ্চের ছয় দফা এখন পথ হারিয়েছে। এ জন্য ছাত্রলীগ সঙ্গে নেই।
ছাত্রলীগ সূত্র আরও জানায়, ৫ জানুয়ারির নির্বাচনের পর সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে গণজাগরণ মঞ্চের রোডমার্চ, নির্বাচন নিয়ে ইমরানের মন্তব্য, ঘরোয়া আলোচনায় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ইমরানের বক্তব্য, লাখো কণ্ঠে জাতীয় সংগীতের জন্য ইসলামী ব্যাংকের কাছ থেকে অর্থ নেওয়ার সমালোচনা—এসব বিষয় আওয়ামী লীগ ও ছাত্রলীগ আমলে নেয়। এ সময় ছাত্রলীগের অনেক নেতা-কর্মী ফেসবুকে ইমরান এইচ সরকার ও গণজাগরণ মঞ্চের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করতে থাকেন।
একই সময়ে ছাত্রলীগ-সমর্থক হিসেবে পরিচিত মঞ্চেরই একটি অংশের সঙ্গে ইমরান পক্ষের বিরোধ জোরালো হয়। ছাত্রলীগ আন্দোলন থেকে সরে আসার পর মঞ্চের একটি অংশ গৌরব ’৭১ নাম নিয়ে আলাদা হয়ে যায়। এই অংশটি ছাত্রলীগ-সমর্থিত হিসেবে পরিচিত। গত বছরের ২ আগস্ট গণজাগরণ মঞ্চের আলোকচিত্র প্রদর্শনী চলাকালেই তারা জাতীয় জাদুঘরের সামনে ‘গণজাগরণ মঞ্চের’ ব্যানারে ইফতার মাহফিলের আয়োজন করে। ওই সময়ই ইমরান এইচ সরকার সাংবাদিকদের বলেছিলেন, এই কর্মসূচি গণজাগরণ মঞ্চের নয়।
সাধারণত যে জায়গায় গণজাগরণ মঞ্চ অনুষ্ঠান করে, সেই জায়গায় গৌরব ’৭১-এর নামে মঞ্চ তৈরি করা হলে এদের সঙ্গেই ৩ এপ্রিল রাতে গণজাগরণ মঞ্চের কর্মীদের দুই দফা মারামারির ঘটনা ঘটে। এই অংশটি ইমরানকে শাহবাগে অবাঞ্ছিত ঘোষণা করে।
জানতে চাইলে গৌরব ’৭১-এর সাধারণ সম্পাদক এফ এম শাহীন বলেন, ‘ইমরান এইচ সরকার যখন তাঁর আদর্শিক জায়গা থেকে সরে গেল, স্বেচ্ছাচারী সিদ্ধান্ত নিতে শুরু করল, তখন এপ্রিলের দিকে আমরা আলাদা হয়ে যাই।’
বিভিন্ন পক্ষের সঙ্গে কথা বলে জানা যায়, এই অংশটিকে ছাত্রলীগ সমর্থন দিয়েছে। ৩ এপ্রিলের সংঘর্ষের ঘটনায় সরাসরি ছাত্রলীগের কোনো নেতা-কর্মী যুক্ত ছিলেন না। তবে ইমরান এইচ সরকার এ জন্য যুবলীগ ও ছাত্রলীগের দুজন নেতার বিরুদ্ধে অভিযোগ আনলে ছাত্রলীগ বিষয়টিকে গুরুত্বসহকারে নিয়ে ভাঙন চূড়ান্ত করার সুযোগ পায়। সমমনা ছাত্রসংগঠনগুলোর সঙ্গে যোগাযোগ করে ছাত্রলীগ। এর ফলে ছাত্র মৈত্রী, ছাত্রলীগ (জাসদ), ছাত্র আন্দোলন, ছাত্র সমিতি ও ছাত্রঐক্য ফোরাম সংবাদ সম্মেলন করে তাদের অবস্থান তুলে ধরে। এর মধ্যে প্রথম চারটি আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪-দলীয় জোটের শরিক চারটি দলের ছাত্রসংগঠন। যদিও এর আগে মুখপাত্র বদলের একটি চেষ্টা করা হলেও তা শেষ পর্যন্ত ব্যর্থ হয়।
ওই সংবাদ সম্মেলনে গণজাগরণ মঞ্চকে ব্যবহার করে ইমরান এইচ সরকারের রাজনৈতিক দল গঠনের চেষ্টার দিকে ইঙ্গিত করে লিখিত বক্তব্যে বলা হয়, কেউ যদি ভিন্ন কোনো উচ্চাভিলাষী স্বপ্ন দেখে থাকেন, তবে গণজাগরণ মঞ্চের ভেতরে থেকে নয়, বরং মঞ্চ থেকে বাইরে গিয়ে সেই স্বপ্ন তাঁকে দেখতে হবে।
রাজনৈতিক দল গঠনের চিন্তা: একসময় ইমরানের ঘনিষ্ঠ ছিলেন—মঞ্চের এমন একজন সংগঠক এবং তিনজন ছাত্রনেতা প্রথম আলোকে বলেছেন, গত বছরের জুন-জুলাই থেকে মঞ্চকে একটি রাজনৈতিক সংগঠনে রূপ দেওয়ার চিন্তা শুরু করেন ইমরান এইচ সরকার। ৫ জানুয়ারির নির্বাচনের পর এ চিন্তা জোরালো হয়। এ সময় ইমরান মঞ্চের ছয় দফার বাইরে বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য দিতে শুরু করেন। পেছন থেকে এ বিষয়ে দেশের বিশিষ্ট তিনজন ব্যক্তি কাজ করছেন বলে সূত্র দাবি করেছে।
তবে এ বিষয়টি অস্বীকার করে ইমরান এইচ সরকার বলেছেন, দল গঠনের বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। ভবিষ্যতের ব্যাপার বলা কঠিন। তবে সত্যিকারভাবে মুক্তিযুদ্ধকে ধারণ করে—এমন সব শক্তিকে সঙ্গে নিয়ে তাঁরা মুক্তিযুদ্ধের অসমাপ্ত সংগ্রাম চালিয়ে যেতে চান। দল গঠনের বিষয়ে বিশিষ্ট কয়েকজনের সঙ্গে কোনো বৈঠক হয়নি দাবি করে ইমরান আরও বলেন, দেশের বুদ্ধিজীবীদের সঙ্গে তাঁর যোগাযোগ রয়েছে। তাঁদের সঙ্গে তাঁর আলোচনা হয়, তাঁদের মতামত নেন। তিনি আরও বলেন, ইতিমধ্যে বিভিন্ন আন্দোলন-সংগ্রামের মাধ্যমে নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে মঞ্চ একটি স্বাতন্ত্র্য অবস্থান তৈরি করেছে। এ অবস্থান কেউ কেউ নিজেদের জন্য হুমকি মনে করছেন।
আর্থিক অস্বচ্ছতার অভিযোগ: ইমরানবিরোধীদের অভিযোগ, মুখপাত্রের একনায়কতান্ত্রিক আচরণ ও আর্থিক অস্বচ্ছতার কারণে গণজাগরণ মঞ্চে বিভক্তি আসে। তবে এখন পর্যন্ত তাঁরা আর্থিক অস্বচ্ছতার সুনির্দিষ্ট কোনো প্রমাণ দিতে পারেননি। তাঁদের এই অভিযোগের পরিপ্রেক্ষিতে গত শনিবার দুজন ছাত্রসংগঠনের প্রতিনিধিসহ পাঁচ সদস্যের একটি আর্থিক কমিটি গঠন করেছে গণজাগরণ মঞ্চ।
সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে সংগৃহীত চাঁদার পরিমাণের একটি তালিকা ছড়িয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে ছাত্র মৈত্রীর সভাপতি বাপ্পাদিত্য বসুর উপস্থিতিতে ইমরান এইচ সরকারকে পুলিশের সাবেক কর্মকর্তা এসপি মাহবুব চার লাখ টাকা দিয়েছেন বলে উল্লেখ আছে। বাপ্পাদিত্য বসুও এই লেনদেনের বিষয়টি স্বীকার করেছেন। এ ছাড়া গত ১৪ ফেব্রুয়ারি প্রবাসীদের চার লাখ ৭৮ হাজার ৬৮৩ টাকা প্রথম আলোর মাধ্যমে ইমরান এইচ সরকারের হাতে দেওয়া হয়; যা পরদিন পত্রিকায় প্রকাশিত হয়।
এখন পর্যন্ত এই আন্দোলনে কত টাকা এভাবে অনুদান এসেছে, জানতে চাইলে ইমরান বলেন, তাঁরা কখনো টাকা সংরক্ষণ করেননি। কমিটি টাকাকে ‘লজিস্টিকে কনভার্ট’ করেছে। আন্দোলনের সুনির্দিষ্ট আয়-ব্যয়ের হিসাব তিনি দিতে পারেননি।
এই আন্দোলনে যোগ দিয়ে নিজের চাকরি ছেড়ে দেন ইমরান এইচ সরকার। এখন তিনি কীভাবে চলেন, জানতে চাইলে ইমরান বলেন, তিনি সহযোদ্ধাদের সঙ্গে মেসে থাকেন। খরচ চালানোর সামর্থ্য তাঁর পরিবারের আছে।