গণজাগরণ মঞ্চকে ভাঙার চেষ্টা করেছে সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণজাগরণ মঞ্চকে ভেঙে ফেলার চেষ্টা করার জন্য সরকারকে অভিযুক্ত করেছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী। গতকাল শুক্রবার বিকেলে চট্টগ্রামে অনুষ্ঠিত এক সভায় তিনি এ অভিযোগ করেন।

চট্টগ্রাম যুব বিদ্রোহের ৮৬তম বার্ষিকী উপলক্ষে নগরের ডিসি হিলের মুক্তমঞ্চে এ সভার আয়োজন করে যুব ইউনিয়নের চট্টগ্রাম জেলা শাখা। সভায় কামাল লোহানী বলেন, ‘গণজাগরণ মঞ্চ শুনলে খারাপ লাগে? তাহলে কেন ২০১৩ সালের ৫ ফেব্রুয়ারি এই মঞ্চকে আপনারা সহ্য করেছিলেন? কেন ফাঁসি না দিয়ে কাদের মোল্লাকে যাবজ্জীবন দিলেন? অবশেষে ফাঁসি তো হলো, সেটা গণজাগরণ মঞ্চের জন্যই।’ তিনি বলেন, গণজাগরণ মঞ্চকে পরে ভেঙে দেওয়ার চেষ্টা হয়েছে।

ব্লগার হত্যার বিচার হয়নি উল্লেখ করে কামাল লোহানী বলেন, ‘কতজন মারা যাচ্ছে। আপনারা একটারও বিচার করতে পারছেন না। বিচারহীনতাকে অনেকে বলেন সংস্কৃতি। আমি বলি এটা দুর্নীতি। এই দুর্নীতির কারণে এ দুর্দশা হয়েছে।’

স্বাধীনতার ৪৫ বছরেও দেশের শিক্ষাব্যবস্থায় মুক্তিযুদ্ধের ইতিহাস অন্তর্ভুক্ত করা যায়নি উল্লেখ করে কামাল লোহানী বলেন, অথচ মুক্তিযুদ্ধের চেতনার সরকার এখন ক্ষমতায় রয়েছে। তিনি বলেন, ‘যাঁরা দেশ পরিচালনা করেন, তাঁরা অতীত ইতিহাস ভুলে যেতে চান। সূর্য সেন, ক্ষুদিরাম, প্রীতিলতা, কল্পনা যোশীর অবদানের কথা ভুলিয়ে দিতে চান। কেন এ রকম হবে?’

১৯৩০ সালের ১৮ এপ্রিল মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে একদল অসমসাহসী যুবক চট্টগ্রামকে চার দিনের জন্য ব্রিটিশ শাসনমুক্ত করেছিলেন। এ ঘটনা চট্টগ্রাম যুব বিদ্রোহ নামে পরিচিত।

গতকালের সভায় কামাল লোহানী বলেন, মুক্তিযুদ্ধের সময় এ দেশে সংখ্যালঘুর সংখ্যা ছিল শতকরা ৩৪ ভাগ। কিন্তু এখন তা ১০ ভাগেরও কম। তিনি বলেন, ‘আমরা কি তাদের তাড়িয়ে আরেকটা পাকিস্তান বানাবার চেষ্টা করেছিলাম?’ তিনি জামায়াতকে নিষিদ্ধ করার দাবি জানান।

যুব ইউনিয়নের চট্টগ্রাম জেলা শাখার সভাপতি রিপায়ন বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য দেন হাফিজ আদনান, উত্তম চৌধুরী প্রমুখ।