গণজাগরণ মঞ্চসহ ১০ স্থানে হাতবোমার বিস্ফোরণ
ব্রাহ্মণবাড়িয়া শহরের গণজাগরণ মঞ্চ, সার্কিট হাউসসহ অন্তত ১০টি জায়গায় গতকাল সোমবার বিকেলে ১৫-২০টি হাতবোমার বিস্ফোরণ ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি। পুলিশ গণজাগরণ মঞ্চের সামনে থেকে তিনটি অবিস্ফোরিত হাতবোমা উদ্ধার করেছে। এতগুলো হাতবোমার বিস্ফোরণের ঘটনায় শহরজুড়ে আতঙ্ক দেখা দেয়। শহরের প্রধান সড়কসহ সব সড়ক ফাঁকা ও দোকানপাট বন্ধ হয়ে যায়।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুটি মোটরসাইকেলে করে হেলমেট পরা কয়েক যুবক শহরের কাউতলী এলাকা থেকে শুরু করে কুমারশীল মোড় পর্যন্ত বোমার বিস্ফোরণ ঘটায়। ওই যুবকেরা কাউতলী এলাকার সার্কিট হাউস, শহরের টি এ রোড, তোফায়েল আজম সঞ্চৃতিস্তম্ভ (মঠের গোড়া), কোর্ট রোড, গণজাগরণ মঞ্চ, প্রেসক্লাব, মহিলা কলেজ, ট্যাংকের পাড়, অন্নদা সরকারি উচ্চবিদ্যালয় ও কুমারশীল মোড় এলাকায় মুহুর্মুহু বোমার বিস্ফোরণ ঘটায়। এ সময় বিকট শব্দে লোকজন দিগ্বিদিক ছোটাছুটি শুরু করে। আতঙ্কে শহরের টি এ রোডসহ সব সড়ক ফাঁকা হয়ে যায়। তাৎক্ষণিক শহরের সব দোকানপাট ও বিপণিবিতান বন্ধ হয়ে যায়।