গগনবিদারী স্লোগানের মধ্য দিয়ে গতকাল বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রামের গণজাগরণ মঞ্চে উন্মোচন করা হয়েছে শহীদজননী জাহানারা ইমামের প্রতিকৃতি। পরে সন্ধ্যা সাতটায় মঞ্চ আলোকিত হয়ে ওঠে অসংখ্য মোমের আলোয়। এ আলোয় যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার নতুন শপথ নেন জনতা। বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা বেলা দুইটা থেকেই ভিড় জমানো শুরু করে গণজাগরণ মঞ্চ এলাকায়। বেলা তিনটায় মূল অনুষ্ঠান শুরুর আগেই শিক্ষার্থীরা ‘ফাঁসি চাই, ফাঁসি চাই, রাজাকারের ফাঁসি চাই’ এমন স্লোগানে গোটা স্থান আলোড়িত করে তোলে।তিনটায় উদীচীর গণসংগীতের মধ্য দিয়ে শুরু হয় মূল অনুষ্ঠান। জাগরণের গানের সঙ্গে কণ্ঠ মেলান বিভিন্ন বয়সের নারী-পুরুষ-শিশু। বিকেল পাঁচটার দিকে মঞ্চের পাশে প্রেসক্লাব ভবনের দেয়ালে উন্মোচন করা হয় জাহানারা ইমামের বিশাল প্রতিকৃতি। গণজাগরণ মঞ্চের নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। নিরাপত্তা চৌকি ও আর্চওয়ে (বিস্ফোরক পরীক্ষার যন্ত্র) বসানো ছাড়াও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে মঞ্চস্থলে।এদিকে মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসির দাবিতে দেশের বিভিন্ন স্থানে অন্যান্য দিনের মতো গতকালও বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। ঢাকার বাইরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:নোয়াখালী: গতকাল বেলা সাড়ে ১১টার দিকে জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের ব্যানারে মুক্তিযোদ্ধারা বিক্ষোভ মিছিল করেন। পরে জেলা শহরের টাউন হল মোড়ের প্রধান সড়কে মানববন্ধন করেন মুক্তিযোদ্ধারা। সর্বস্তরের মানুষ এতে যোগ দেয়। এ ছাড়া বিকেলে নোয়াখালী শহীদ মিনার চত্বরে গণঅবস্থান কর্মসূচি পালন করা হয়। সন্ধ্যায় মোমবাতি প্রজ্বালন করা হয়।লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড কাউন্সিলের উদ্যোগে গতকাল দুপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড কাউন্সিলের কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ হয়।ফেনী: গতকাল সন্ধ্যায় ফেনী শহরের শহীদ মিনার চত্বরসহ আশপাশের এলাকায় প্রজ্বালিত মোমবাতি হাতে মানববন্ধন করে হাজারো মানুষ। এ ছাড়া বিকেলে খেলাঘরের শিশু-কিশোরেরা শহরে বিক্ষোভ মিছিল ও শহীদ মিনার চত্বর এলাকায় মানববন্ধন করে। বিকেল থেকে শহীদ মিনার চত্বরে চলে মুক্তিযুদ্ধের গান।রাঙামাটি: গতকাল সন্ধ্যায় রাঙামাটি শহরের শিল্পকলা একাডেমী চত্বরে, দক্ষিণ কালিন্দীপুরের জনসংহতি সমিতির কার্যালয়ের সামনে, নিউমার্কেট চত্বরে, বনরূপায়, পুরাতন বাসস্ট্যান্ড এলাকার জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে, মুক্তিযোদ্ধা স্মারক ভাস্কর্য চত্বরে, রিজার্ভ বাজারের শহীদ আবদুল আলী একাডেমির সামনে, তবলছড়ি এলাকার টেক্সটাইল মার্কেটের সামনে, তবলছড়ি বাজার বটতলায় ছাড়াও শহরের বিভিন্ন স্থানে নানা শ্রেণী-পেশার মানুষ দলবদ্ধভাবে মোমবাতি জ্বালিয়ে মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসির দাবির প্রতি সংহতি প্রকাশ করে। এর আগে বিকেলে শিল্পকলা একাডেমীর চত্বরে এবং আবদুল আলী একাডেমির সামনে গণসংগীতের আয়োজন করা হয়।খাগড়াছড়ি: হাজারো জনতা গতকাল সন্ধ্যায় মোমবাতি হাতে খাগড়াছড়ির শাপলা চত্বরের মুক্তমঞ্চে জড়ো হয়। জ্বলন্ত মোমবাতি ওপরে তুলে ধরে তারা মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসির দাবি জানায়। এ ছাড়া গতকাল বিকেল তিনটা থেকে শাপলা চত্বরের মুক্তমঞ্চে পরিবেশন করা হয় জাগরণের গান ও আবৃত্তি। দেশের গানের সঙ্গে পরিবেশিত হয় নৃত্য। তা ছাড়া শহরে মশাল মিছিল বের করা হয়।চন্দনাইশ (চট্টগ্রাম): গতকাল গণফোরামের কেন্দ্রীয় নেতা ও চন্দনাইশ উপজেলা একুশ উদ্যাপন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মুছার নেতৃত্বে উপজেলা সদরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়। সমাবেশে বক্তারা শাহবাগের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।