গণজাগরণ মঞ্চের আনন্দ মিছিল

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের ফাঁসির আদেশের খবর পাওয়ার পর রাজধানীর শাহবাগে আনন্দ মিছিল বের করেছে গণজাগরণ মঞ্চ।মিছিলটি আজ বৃহস্পতিবার বেলা দুইটার দিকে শাহবাগ থেকে শহীদ মিনারের দিকে যায়।টিএসসি ঘুরে মিছিলটি আবার শাহবাগে ফিরবে।শাহবাগে এখন চলছে আনন্দ-উল্লাস।
সকাল থেকে শাহবাগে গণজাগরণ মঞ্চের উদ্যোক্তা ও সমর্থকদের ভিড় লক্ষ করা গেছে।
ফাঁসির রায়ের পর গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, ‘৪২ বছর ধরে রায়ের জন্য অপেক্ষা করেছি।আমরা আনন্দিত, উল্লসিত।’ তবে সব মানবতাবিরোধী অপরাধীর বিচারের দাবিতে আন্দোলন চলবে বলে জানান তিনি।
বর্তমানে মঞ্চ না থাকলেও রাস্তায় আলপনা করে সেখানে অবস্থান নিয়েছেন গণজাগরণ মঞ্চের নেতারা। গতকাল বুধবার বিকেল চারটা থেকে শুরু হয় এই অবস্থান কর্মসূচি। অবস্থান কর্মসূচিতে আগের মতো স্লোগান, গণসংগীত ও আবৃত্তির মাধ্যমে একাত্তরের মানবতাবিরোধীদের শাস্তির দাবি তোলা হচ্ছে।
গত ৫ ফেব্রুয়ারি জামায়াতের নেতা কাদের মোল্লার রায়ের পর শুরু হয় শাহবাগের গণজাগরণ মঞ্চের আন্দোলন। আন্দোলনকারীরা কাদের মোল্লাসহ সব মানবতাবিরোধী অপরাধীর সর্বোচ্চ শাস্তির দাবি তোলেন