গণজাগরণ মঞ্চে শ্রমিক সমাবেশ
মহান মে দিবসে চট্টগ্রামের গণজাগরণ মঞ্চে শ্রমিক সংহিত সমাবেশ হয়েছে। গত বুধবার বিকেলে নগরের চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরের গণজাগরণ মঞ্চের এই সমাবেশ থেকে সাভারের রানা প্লাজায় শ্রমিক হত্যার বিচারের দাবি জানান শ্রমিক ও গণজাগরণ মঞ্চের সংগঠকেরা। বিকেল পাঁচটায় শ্রমিক সমাবেশ শুরু হয়। সাভারে বহুতল ভবনধসে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে শুরু হয় শ্রমিক সংহতি সমাবেশ। এরপর সমাবেশে গণসংগীত পরিবেশন করেন উদীচী চট্টগ্রাম জেলা সংসদের শিল্পীরা।আবৃত্তিশিল্পী রাশেদ হাসানের পরিচালনায় সমাবেশে সভাপতিত্ব করেন গণজাগরণ মঞ্চ চট্টগ্রামের সমন্বয়কারী শরীফ চৌহান। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) চট্টগ্রাম জেলা শাখার সভাপতি মৃণাল চৌধুরী, সাধারণ সম্পাদক শাহ আলম, গণজাগরণ মঞ্চের সদস্যসচিব চন্দন দাশ, বাসদের নেতা মানস নন্দী, জাতীয় শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক দিদারুল আলম চৌধুরী প্রমুখ।