গণজাগরণ মঞ্চে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত
চারটা বাজতেই দলে দলে লোকজন হাজির হন চেরাগী পাহাড়ে। এসেছেন আবালবৃদ্ধবনিতা। এমনকি কোলের শিশুটিও জাতীয় পতাকা হাতে হাজির হয় গণজাগরণ মঞ্চে। এরপর ঘড়ির কাঁটা ৪টা ৩১ ছুঁতেই সমস্বরে গেয়ে ওঠেন সবাই ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি।’ এ সময় উড়তে থাকে লাল-সবুজের পতাকা।
জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করা এবং সব রাজাকারের বিচারের শপথ নিয়ে সমবেত কণ্ঠে এভাবে জাতীয় সংগীত পরিবেশন করল চট্টগ্রাম গণজাগরণ মঞ্চ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই আয়োজন করা হয়। উদীচীর শিল্পীদের সঙ্গে কণ্ঠ মিলিয়েছে সবাই। আশপাশের ভবনে দাঁড়ানো নরনারীও কণ্ঠ মিলিয়েছেন এতে।
এর আগে সমবেতদের উদ্দেশ্যে গণজাগরণ মঞ্চ চট্টগ্রামের সমন্বয়ক শরীফ চৌহান বলেন, ‘৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের সময় এবং বাঙালির চূড়ান্ত বিজয়কে স্মরণীয় করে রাখতেই এই আয়োজন। যত দিন পর্যন্ত রাজাকার-আলবদর থাকবে, তত দিন পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। এই দেশকে যুদ্ধাপরাধীমুক্ত করতে আজ জাতীয় সংগীতের মধ্য দিয়ে আমরা নতুন করে শপথ নেব।’
জাতীয় সংগীত পরিবেশনার আগে ও পরে উদীচী শিল্পী গোষ্ঠীর শিল্পীরা গণসংগীত পরিবেশন করেন। বোধন ও প্রমা শিল্পীরা আবৃত্তি পরিবেশন করেন।