গণজাগরণ মঞ্চে হামলা, আহত ৬
শাহবাগের গণজাগরণ মঞ্চে দুই পক্ষের মধ্যে হামলা ও মারামারির ঘটনা ঘটেছে। এতে মঞ্চের ছয়জন কর্মী আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে প্রজন্ম চত্বরে মিডিয়া সেলের সামনে হামলার এ ঘটনা ঘটে।
ঘটনায় মামলা করতে গেলে থানার ভেতরে দ্বিতীয়বারের মতো দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। সেখানে মঞ্চের কর্মী শাকিল আহমেদ মাথায় আঘাত পান বলে জানা গেছে।
আহতরা হলেন, শাকিল আহমেদ, নবেন্দু সাহা, আশিকুর রহমান, তানভীর, সনাতন ও আদনান। তাঁরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হাসপাতাল, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল) থেকে প্রাথমিক চিকিত্সা নিয়েছেন।
মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার অভিযোগ করেন, ‘ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা হামলা করেছে। ইসলামী ব্যাংকের টাকায় গত ছাব্বিশে মার্চ “লাখো কণ্ঠে সোনার বাংলা”র বিরোধিতা করার পর থেকেই তারা আমাদের বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার ও আক্রমণের চেষ্টা চালিয়ে আসছিল।’ তিনি বলেন, ‘যুবলীগের নেতা নাসিম রূপক ও ছাত্রলীগের নেতা শেখ আসমানের নেতৃত্বে এই হামলা হয়েছে। এ ঘটনায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি।’
এ ব্যাপারে ছাত্রলীগের কেন্দ্রীয় সাংস্কৃতিকবিষয়ক উপসম্পাদক শেখ আসমান প্রথম আলোকে বলেন, ‘আমি সারা দিনই চারুকলায় ছিলাম। সন্ধ্যার পর থেকে গানের আড্ডা বসে। এখানেই বন্ধু-বান্ধবদের নিয়ে আড্ডা দিচ্ছিলাম।’ সাংবাদিকদের কাছেই তিনি হামলার ঘটনা প্রথম শোনেন বলে জানান।
যুবলীগের নেতা নাসিম রূপক বলেন, ‘টিএসসি থেকে শাহবাগ হয়ে আমি বাসায় যাচ্ছিলাম। এ সময় একটি গণ্ডগোল দেখেছি। কিন্তু কী নিয়ে, তা আমি জানি না। এ ঘটনায় আমি কোনোভাবেই জড়িত নই।’
গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠন দাবি করে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের কেন্দ্রীয় কমিটির সভাপতি মেহেদী হাসান বলেন, ‘ছাত্রলীগ-যুবলীগ নয়, আমাদের ওপর ইমরান এইচ সরকারের ছেলেরা হামলা করেছে।’ তিনি বলেন, ‘ইমরানের স্বেচ্ছাচারিতার প্রতিবাদ করায় আমাদের ওপর এই হামলা করা হয়েছে। ছাত্রলীগ-যুবলীগকে জড়ানো তাদের ষড়যন্ত্রের অংশ।’
ঘটনায় ডান হাতে আঘাতপ্রাপ্ত মঞ্চের কর্মী নবেন্দু সাহা প্রথম আলোকে বলেন, ‘নিয়মিতই আমরা শাহবাগে বসি। আমাদের আলাদা চেয়ার রয়েছে সেখানে। রাতে সেখানে চেয়ার খুঁজে না পাওয়ায় আমরা আবীর ঘোষের কাছে জানতে চাই। কিন্তু সে আমাদের লোকেদের ওপর গরম পানি ঢেলে দেয় ও অন্যদের নিয়ে হামলা করে।’ ‘কারা হামলা করেছে’, জানতে চাইলে প্রথমে তিনি বলেন, ‘চিনি না।’ কিন্তু পরে আলাপচারিতার একপর্যায়ে তিনি নাসিম রূপক ও শেখ আসমানের কথা বলেন।
ইমরান এইচ সরকার বলেন, ‘আহত কর্মীরা আমাকে ফোন করে বিষয়টি জানালে আমরা তাদের শাহবাগ থানায় মামলা করতে বলি। সেখানে ওসির সামনেই তাদের ওপর দ্বিতীয়বার হামলা চালানো হয়।’
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ‘দুই পক্ষই গণজাগরণ মঞ্চের। তারা বাইরে মারামারি করে থানায় আসে। ডিউটি অফিসারের সামনে খালি জায়গায় তারা দ্বিতীয় দফায় মারামারি করে।’ ঘটনায় আবীর ঘোষ নামের একজনকে আটক করা হয়েছে বলে জানান তিনি।
ঘটনার প্রতিবাদে আজ শুক্রবার বিকেল চারটার দিকে শাহবাগে প্রতিবাদ সমাবেশ ঘোষণা করেছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।