গণজাগরণ মঞ্চে হামলার চেষ্টা তিন শিবির কর্মীকে গণপিটুনি
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় গতকাল মঙ্গলবার শিবিরের কর্মীদের গণপিটুনি দিয়েছেন স্থানীয় জনতা। এ সময় শিবিরের কর্মীরা মিছিল নিয়ে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার ও গণজাগরণ মঞ্চে হামলা চালাতে যান বলে লোকজন অভিযোগ করেন।গণধোলাইয়ের শিকার ফিরোজ আলম (১৮), মো. হোসেন (১৯) ও বোরহান উদ্দীন (৩৬) নামের শিবিরের তিন কর্মীকে আটক করেছে পুলিশ।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল ১০টার দিকে শিবিরের ৩০-৪০ জনের একদল কর্মী সদরের কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে জড়ো হন। পরে ওই স্থান থেকেই ঝটিকা মিছিল নিয়ে স্লোগান দিতে দিতে তাঁরা শহীদ মিনার ও গণজাগরণ মঞ্চের ভেতরে যাওয়ার চেষ্টা করেন। এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয় জনতা দৌড়ে ঘটনাস্থলে এসে তাঁদের প্রতিহত করেন। পরে পালিয়ে যাওয়ার সময় শিবিরের তিন কর্মী গণধোলাইয়ের শিকার হন।বাসদের উপজেলা শাখার সমন্বয়ক হারুনুর রশিদ জানান, জামায়াত-শিবিরের কর্মীরা মিছিল নিয়ে প্রকাশ্যে শহীদ মিনার ও গণজাগরণ মঞ্চ ভেঙে ফেলার চেষ্টা চালান। তবে স্বাধীনতার পক্ষের শক্তি তাঁদের প্রতিহত করে। ফরিদগঞ্জ থানার পরিদর্শক জাবেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।