গণজাগরণ মঞ্চের অবস্থান চলছে
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসির রায় কার্যকরের দাবিতে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে গণজাগরণ মঞ্চের অবস্থান কর্মসূচি চলছে। গতকাল শুক্রবার টানা পঞ্চম দিনের মতো এই অবস্থান চলে।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগে কামারুজ্জামানের ফাঁসির রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ হওয়ার পর থেকে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত অবস্থান করছেন মঞ্চের কর্মী-সংগঠকেরা।
গতকাল বিকেলে শাহবাগে একটি গণসমাবেশ হয়। এ সময় গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার কামারুজ্জামানের ফাঁসি কার্যকর না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। তিনি বলেন, ফাঁসির রায় কার্যকরকে বিলম্বিত করার জন্য জামায়াত-শিবির নানা ষড়যন্ত্র করে যাচ্ছে।
ইমরান বলেন, সরকারও জামায়াতের পাতা ফাঁদে পা দিচ্ছে। রায় কার্যকর বিলম্ব হওয়ার কারণেই আন্তর্জাতিক লবিস্টরা সক্রিয় হয়েছে। বিশ্বের অন্যান্য দেশে যখন যুদ্ধাপরাধীদের বিচার হয় তখন জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন চুপ থাকে। কিন্তু যখন বাংলাদেশের যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকর করার সময় আসে তখন তাদের মানবাধিকার জাগ্রত হয়।
সমাবেশে অন্যান্যের মধ্যে মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, উদীচী শিল্পীগোষ্ঠীর সাংগঠনিক সম্পাদক সংগীতা ইমাম ও সহসাধারণ সম্পাদক জামশেদ আনোয়ার, চলচ্চিত্র নির্মাতা জাহানারা নূরী, মঞ্চের সংগঠক জীবনানন্দ জয়ন্ত প্রমুখ বক্তব্য দেন। এ সময় মঞ্চের কর্মী-সংগঠকেরা বিভিন্ন স্লোগান দেন।
সমাবেশ শেষে সন্ধ্যায় মশাল মিছিল বের করা হয়। মিছিলটি জাদুঘরের সামনে থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) ঘুরে আবার শাহবাগে গিয়ে শেষ হয়।