গণজাগরণ মঞ্চের আনন্দ মিছিল
কাদের মোল্লার ফাঁসি কার্যকরের পর গতকাল শুক্রবার সকালে আনন্দ মিছিল করেছে গণজাগরণ মঞ্চ। চট্টগ্রাম নগরের চেরাগী পাহাড় মোড় থেকে মিছিলটি শুরু হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন গণজাগরণ মঞ্চের কর্মীরা। এ সময় মিষ্টি বিতরণ করা হয়। এর আগে জয় বাংলা, ফাঁসি ফাঁসি ফাঁসি হলো, কসাই কাদেরের ফাঁসি হলো ইত্যাদি স্লোগান দেওয়া হয়।
মিছিলটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। উদীচী, সাম্প্রদায়িকতাবিরোধী তরুণ উদ্যোগ, খেলাঘর, প্রমা, যুব মৈত্রী, ছাত্র ইউনিয়ন, ছাত্র মৈত্রী ও ছাত্র ফ্রন্টের কর্মীরা মিছিলে অংশ নেন।
শহীদ মিনারে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন গণজাগরণ মঞ্চের সমন্বয়কারী শরীফ চৌহান। তিনি বলেন, কাদের মোল্লার রায়ের মধ্য দিয়ে প্রাথমিক বিজয় অর্জিত হয়েছে। স্বাধীনতার ৪২ বছর পর এসে জাতির কলঙ্কমুক্তি ঘটেছে। এতে শহীদদের আত্মা শান্তি পাবে। তিনি আরও বলেন, সব যুদ্ধাপরাধীর শাস্তি কার্যকর না করা পর্যন্ত আন্দোলন চলবে। রায় নিয়ে যেকোনো ধরনের ষড়যন্ত্র রুখে দাঁড়াতে হবে।
এ সময় চট্টগ্রাম গণজাগরণ মঞ্চের সদস্যসচিব ও উদীচীর কেন্দ্রীয় সহসভাপতি ডা. চন্দন দাশ, প্রমা আবৃত্তি সংগঠনের সভাপতি রাশেদ হাসান, উদীচী চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক সুনীল ধর, খেলাঘর সংগঠক শীলা দাশ, যুব মৈত্রীর কায়সার আলম, সংস্কৃতিকর্মী আলাউদ্দিন খোকন প্রমুখ উপস্থিত ছিলেন।