গণজাগরণ মঞ্চের আনন্দ মিছিল

একাত্তরে আলবদর বাহিনীর চট্টগ্রামের কমান্ডার মীর কাসেম আলীর ফাঁসি বহাল থাকায় গতকাল মঙ্গলবার আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে গণজাগরণ মঞ্চ।
চট্টগ্রাম নগরের চেরাগী পাহাড় মোড় থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি একাত্তরে আলবদর বাহিনীর নির্যাতনকেন্দ্র ডালিম হোটেলের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় মঞ্চের নেতারা বলেন, একাত্তরের ঘৃণ্য অপরাধের জন্য মীর কাসেমের যে রায় হয়েছে, তাতে জাতি কলঙ্কমুক্ত হয়েছে। এটি প্রত্যাশিত রায়। এর মধ্য দিয়ে বীর শহীদদের আত্মা শান্তি পাবে। গণজাগরণ মঞ্চের নেতারা আরও বলেন, ডালিম ভবনে যেভাবে মুক্তিযোদ্ধাদের ওপর নির্যাতন চালানো হতো, তা অবর্ণনীয়।
মিছিলে নেতৃত্ব দেন চট্টগ্রামের গণজাগরণ মঞ্চের সদস্যসচিব চন্দন দাশ। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নারীনেত্রী নূরজাহান খান, গণজাগরণ মঞ্চের সমন্বয়ক শরীফ চৌহান, উদীচী চট্টগ্রাম জেলা সংসদের সহসভাপতি সুনীল ধর, প্রমা আবৃত্তি সংগঠনের সভাপতি রাশেদ হাসান, সংস্কৃতিকর্মী হাবিব বিপ্লব, অমর-সাত্তার স্মৃতি পাঠাগারের সভাপতি অমিতাভ সেন, সাম্প্রদায়িকতাবিরোধী তরুণ উদ্যোগের যুগ্ম আহ্বায়ক প্রীতম দাশ ও রুবেল দাশ প্রিন্স।