গণজাগরণ মঞ্চের আপিলের সুযোগ নেই: এম কে রহমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
gonojagoron
gonojagoron

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের কৌঁসুলিদের সমন্বয়ক এম কে রহমান বলেছেন, আইন অনুসারে গোলাম আযমের রায়ের বিরুদ্ধে গণজাগরণ মঞ্চের আপিল করার সুযোগ নেই। তবে ওই রায়ের বিরুদ্ধে আপিলের বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে রাষ্ট্রপক্ষ। গোলাম আযমের রায়ের বিরুদ্ধে আপিলের দাবিতে আজ শনিবার অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে স্মারকলিপি দিয়েছে গণজাগরণ মঞ্চ। অ্যাটর্নি জেনারেলের অনুপস্থিতিতে এম কে রহমান স্মারকলিপি গ্রহণ করে গণজাগরণ মঞ্চের প্রতিনিধিদের এসব কথা বলেন। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ দুপুর পৌনে ১২টার দিকে ইমরান এইচ সরকারের নেতৃত্বে গণজাগরণ মঞ্চের কর্মীরা অ্যাটর্নি জেনারেলের কাছে স্মারকলিপি দিতে যান। অ্যাটর্নি জেনারেল দেশের বাইরে থাকায় তাঁর পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান।

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের সম্মেলনকক্ষে গণজাগরণ মঞ্চের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন এম কে রহমান। এ সময় তিনি বলেন, ‘আইন অনুসারে গোলাম আযমের রায়ের বিরুদ্ধে গণজাগরণ মঞ্চের আপিল করার সুযোগ নেই। তবে রায়ে আমরাও সংক্ষুব্ধ। আপিলের বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছি।’

এম কে রহমান জানান, এখানে রাষ্ট্রপক্ষ ছাড়াও অভিযোগকারী বা তথ্যদাতা আপিল করতে পারবেন।

স্মারকলিপি দেওয়া শেষে ইমরান এইচ সরকার বলেন, গোলাম আযমের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ যদি শেষ পর্যন্ত আপিল না করে, তবে গণজাগরণ মঞ্চ অভিযোগকারী ও তথ্যদাতাদের সঙ্গে যোগাযোগ করে আপিল করার চেষ্টা করবে।

জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের মুক্তিযুদ্ধকালের অপরাধ মৃত্যুদণ্ড পাওয়ার যোগ্য। কিন্তু বয়স ও শারীরিক অবস্থা বিবেচনায় তাঁকে মৃত্যুদণ্ড না দিয়ে ৯০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ গত সোমবার এ রায় দেন।

অবিলম্বে গোলাম আযমের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলের দাবি তুলেছে গণজাগরণ মঞ্চ। একই সঙ্গে যুদ্ধাপরাধীদের ফাঁসির রায় দ্রুত কার্যকর করার দাবি জানিয়েছেন মঞ্চের নেতারা।

গতকাল শুক্রবার বিকেলে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তারা এসব দাবি জানান। সমাবেশ থেকে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধসহ ছয় দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

সমাবেশে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, ‘গোলাম আযমকে বয়সের যে অজুহাত দেখিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হলো না, তা অপ্রত্যাশিত। রাষ্ট্রপক্ষ আপিল না করলে সুযোগ থাকলে সংক্ষুব্ধ হিসেবে গণজাগরণ মঞ্চের পক্ষ থেকে আমরাই এ রায়ের বিরুদ্ধে আপিল করব।’