গণজাগরণ মঞ্চের আলোকচিত্র প্রদর্শনী শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তরুণ প্রজন্মসহ দেশের সব মানুষের মধ্যে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে শাহবাগের প্রজন্ম চত্বরে শুরু হয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক আলোকচিত্র প্রদর্শনী। গতকাল শুক্রবার বিকেলে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল এ কর্মসূচির উদ্বোধন করেন।
এই কর্মসূচিতে পুলিশের বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এর প্রতিবাদে দুই দিনব্যাপী চলার কথা থাকলেও সময় আরও পাঁচ দিন বাড়ানোর কথা জানিয়েছেন আয়োজকেরা। প্রদর্শনীতে মুক্তিযুদ্ধবিষয়ক ৪২টি আলোকচিত্র স্থান পেয়েছে। প্রতিদিন বেলা তিনটা থেকে রাত ১০টা পর্যন্ত প্রদর্শনী চলবে। উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, আলোকচিত্রী শহিদুল আলম, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার প্রমুখ। প্রদর্শনীটি আয়োজনে সহায়তা করেছে মুক্তিযুদ্ধ জাদুঘর ও দৃক গ্যালারি। পুলিশের বাধার বিষয়ে গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক মারুফ রসূল প্রথম আলোকে বলেন, পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি থাকা সত্ত্বেও শাহবাগ থানার পুলিশ প্রদর্শনীতে বাধা দিয়েছে। এ কারণে প্রদর্শনীর সময় ৩০ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, তাঁদের অভিযোগ সঠিত নয়। ডিএমপির অনুমতি ছাড়াই তারা রাস্তা বন্ধ করে কর্মসূচি শুরু করে। এরপর পুলিশ আপত্তি জানালে অনুমতি নেয় এবং রাস্তার একপাশে কর্মসূচি শুরু করে।