মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশ বাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ এ কে খন্দকারের (বীর উত্তম) ১৯৭১: ভেতরে বাইরে বইয়ের লেখাকে ‘বিকৃত’ দাবি করে এমন ‘বিকৃত’ ইতিহাস লেখা সব বইয়ের প্রকাশনা বন্ধ ও বাজেয়াপ্তের দাবি জানিয়েছে গণজাগরণ মঞ্চের একাংশ।
শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে গতকাল সোমবার বিকেলে এ বইয় লেখার প্রতিবাদে বিক্ষোভের আগে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা এ দাবি করেন। পরে এ কে খন্দকারের বইটিতে আগুন দিয়ে বিক্ষোভ করেন মঞ্চের এই অংশের কর্মীরা। সেখান থেকে পরে মিছিল করে তাঁরা আজিজ সুপার মার্কেটে প্রথমা বইয়ের দোকান ঘেরাও করতে যান। মার্কেটের কলাপসিবল গেট বন্ধ করে দিলে তাঁরা বাইরে বিক্ষোভ করেন এবং দোকান থেকে ওই বইয়ের কপি চেয়ে নিয়ে সেখানে আগুন দেন। একই সঙ্গে বই বিক্রি করতে নিষেধ করেন।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন ওয়ার্ল্ড বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবদুল মান্নান চৌধুরী ও গণজাগরণ মঞ্চের এই অংশের সংগঠক কামাল পাশা চৌধুরী।
দ্বিতীয় সংস্করণে দুটি বিষয়ে সংশোধন আনলেন এ কে খন্দকার: প্রথম সংস্করণের পর এখন বইটির দ্বিতীয় সংস্করণ বের হয়েছে। সেখানে বইয়ের দুই জায়গায় সংশোধনী দিয়েছেন এ কে খন্দকার। দ্বিতীয় সংস্করণের বিষয়ে এ কে খন্দকার বলেন, ‘বইয়ের ৩২ পৃষ্ঠার দ্বিতীয় স্তবকে আমি লিখেছিলাম, “এই ভাষণের শেষ শব্দ ছিল ‘জয় পাকিস্তান’।” আসলে তা হবে, “এই ভাষণের শেষ শব্দগুলো ছিল ‘জয় বাংলা, জয় পাকিস্তান’।” অধ্যাপক আনিসুজ্জামান একটি ত্রুটির ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করেছেন। অসাবধানতাবশত আমি “এমএলএ” লিখেছি। আসলে তা হবে “এমপিএ” (মেম্বার অব প্রভিনশিয়াল অ্যাসেমব্লি)।’