গণজাগরণ মঞ্চের একাংশের সমাবেশ হলো না
‘পুলিশের অনুমতি না পাওয়ায়’ গণজাগরণ মঞ্চের ইমরানবিরোধী অংশের পূর্বনির্ধারিত মুজিবনগর দিবসের আলোচনা সভা আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়নি।
বিকেলে নির্ধারিত সময়ে শাহবাগে গিয়ে দেখা যায়, মঞ্চের কর্মী-সংগঠকেরা কয়েকজন বসে আছেন। মিডিয়া সেলের সামনে মঞ্চ করার প্রয়োজনীয় জিনিসপত্র এনে রাখা হয়েছে। পুলিশের কয়েকজন সদস্য সেখানে দাঁড়িয়ে ছিলেন। কয়েকজন সংগঠকের কাছে জানতে চাইলে তাঁরা বলেন, সকাল ১০টা থেকে মঞ্চ তৈরির কাজ শুরু করা হয়েছিল। কিন্তু তখন পুলিশ তাঁদের মঞ্চ করতে নিষেধ করেছে। সে কারণে সমাবেশ হচ্ছে না।
বিকেলে সভার পরিবর্তে সংবাদ সম্মেলন করে ওই অংশের নেতা কামাল পাশা চৌধুরী বলেন, সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে গণজাগরণ মঞ্চ। তিনি বলেন, ‘কয়েক মাস ধরে গণজাগরণ মঞ্চ তার লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে গিয়েছিল। তখন থেকেই মানুষ ধীরে ধীরে এখান থেকে সরে যেতে থাকে। আমরা লক্ষ্য করেছি এ সকল মানুষকে পরিকল্পিতভাবে গণজাগরণ মঞ্চ থেকে বিচ্যুত করা হয়েছে। আমরা নতুন করে আগের ছয় দফা দাবি প্রতিষ্ঠিত করার চেষ্টা করছি।’
কামাল পাশা বলেন, নানা কারণে বেশ কিছুদিন ধরে রাজধানীতে মুক্ত মঞ্চে কোনো কর্মসূচির আয়োজন করতে দেওয়া হচ্ছে না। কিন্তু কেন অনুমতি দেওয়া হচ্ছে না, সেটা অবশ্যই জানাতে হবে। নইলে পরবর্তী সময় অনুমতির তোয়াক্কা না করেই সমাবেশ করা হবে।’
কামাল পাশা বলেন, ‘আমরা সাঈদীর আপিলের রায়ের দিকে সজাগ দৃষ্টি রাখছি। কোনো ধরনের চক্রান্ত-ষড়যন্ত্র আছে কি না, সেটাও দেখছি। রায় যদি জনগণের পক্ষে যায়, তবে আমরা তাদের আনন্দে শামিল হব। বিপক্ষে গেলে এর প্রতিবাদ করার জন্যও আমাদের পাবেন।’
এ ব্যাপারে জানতে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি।