গণজাগরণ মঞ্চের কর্মীদের ওপর হামলা, আহত ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহবাগের গণজাগরণ মঞ্চের কর্মীদের ওপর হামলায় অন্তত ছয়জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে প্রজন্ম চত্বরে মিডিয়া সেলের সামনে এ ঘটনা ঘটে।
ঘটনায় মামলা করতে গেলে থানার ভেতরে আবারও দুই পক্ষের মারামারির ঘটনা ঘটে। সেখানে মঞ্চের কর্মী শাকিল আহমেদের মাথা ফেটে যায়।
মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার অভিযোগ করেন, ‘ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা এই হামলা করেছে। ইসলামী ব্যাংকের টাকায় গত ছাব্বিশে মার্চ লাখো কণ্ঠে জাতীয় সংগীতের বিরোধিতা করার পর থেকেই তারা আমাদের বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার ও আক্রমণের চেষ্টা চালিয়ে আসছিল।’
ইমরান এইচ সরকার বলেন, যুবলীগ নেতা নাসিম রূপক ও ছাত্রলীগ নেতা শেখ আসমানের নেতৃত্বে এই হামলা হয়েছে। এ ঘটনায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি। ঘটনার প্রতিবাদে আজ শুক্রবার বিকেল চারটায় শাহবাগে প্রতিবাদ সমাবেশ ঘোষণা করেন তিনি।
ছাত্রলীগের কেন্দ্রীয় সংস্কৃতিবিষয়ক উপসম্পাদক শেখ আসমান প্রথম আলোকে বলেন, ‘আমি সারা দিনই চারুকলায় ছিলাম। বন্ধুবান্ধব নিয়ে আড্ডা দিচ্ছিলাম।’ সাংবাদিকদের কাছেই তিনি হামলার ঘটনা প্রথম শোনেন বলে জানান।
নাসিম রূপক বলেন, ‘এ ঘটনায় আমি কোনোভাবেই জড়িত নই।’
ঘটনায় ডান হাতে আঘাতপ্রাপ্ত নবেন্দু সাহা প্রথম আলোকে বলেন, ‘নিয়মিতই আমরা শাহবাগে বসি। আমাদের আলাদা চেয়ার রয়েছে সেখানে। রাতে সেখানে চেয়ার খুঁজে না পাওয়ায় গণজাগরণ মঞ্চের কর্মী আবীর ঘোষের কাছে জানতে চাই। কিন্তু সে আমাদের লোকদের ওপর গরম পানি ঢেলে দেয় ও অন্যদের নিয়ে হামলা করে।’ ‘কারা হামলা করেছে’—জানতে চাইলে প্রথমে তিনি বলেন, চিনি না। কিন্তু পরে আলাপচারিতার একপর্যায়ে তিনি নাসিম রূপক ও শেখ আসমানের কথা বলেন।
ইমরান এইচ সরকার বলেন, ‘আহত কর্মীরা আমাকে ফোন করে বিষয়টি জানালে আমরা তাদের শাহবাগ থানায় মামলা করতে বলি। সেখানে ওসির সামনেই তাদের ওপর দ্বিতীয়বার হামলা চালানো হয়।’
শাহবাগ থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, ‘দুই পক্ষই গণজাগরণ মঞ্চের। তারা বাইরে মারামারি করে থানায় আসে। ডিউটি অফিসারের সামনে খালি জায়গায় তারা দ্বিতীয় দফায় মারামারি করে।’ ঘটনায় আবীর ঘোষ নামের একজনকে আটক করা হয়েছে বলে জানান তিনি।