গণজাগরণ মঞ্চের কর্মীদের পেটাল পুলিশ, আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভেতরে গণজাগরণ মঞ্চের সংগঠক মাহমুদুল হক মুন্সীর ওপর পুলিশের হামলা । ছবি: প্রথম আলো
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভেতরে গণজাগরণ মঞ্চের সংগঠক মাহমুদুল হক মুন্সীর ওপর পুলিশের হামলা । ছবি: প্রথম আলো

শাহবাগে পাল্টাপাল্টি সমাবেশ করতে আসা গণজাগরণ মঞ্চের দুই অংশের কর্মীদের লাঠিপেটা করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকেলে এ ঘটনায় লাকী আক্তারসহ অন্তত ১০ জন আহত হন।
এ ঘটনায় দুই পক্ষের সাতজনকে আটক করা হয়েছে। তাঁরা হলেন গণজাগরণ মঞ্চের ইমরানপন্থী কর্মী শামস রশীদ, ধীমান আজিজ, ফরিদ আহমেদ, সোহাগ আজিজ, টিটু এবং ইমরানবিরোধী অংশের নেতা ‘মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের’ সভাপতি মেহেদী হাসান ও কর্মী পারভেজ আহমেদ।
এর আগের দিন বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় শাহবাগে গণজাগরণ মঞ্চের দুই পক্ষের মধ্যে মারামারি হয়। এরই জের ধরে গতকাল উভয় পক্ষ পাল্টাপাল্টি সমাবেশ করতে যায়।
গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার অভিযোগ করেন, বৃহস্পতিবার গণজাগরণ মঞ্চের কর্মীদের ওপর ছাত্রলীগ ও যুবলীগ হামলা করে। এর প্রতিবাদে গতকাল বিকেলে সমাবেশ ডাকা হয়েছিল। সেখানে আসার পর পুলিশ হামলা ও নির্বিচারে লাঠিপেটা করে। এ সময় বৃহস্পতিবারের হামলায় জড়িত চিহ্নিত ব্যক্তিরা পুলিশকে চিনিয়ে দিয়েছে কারা গণজাগরণের উচ্চকিত কণ্ঠস্বর।
কেন এ হামলা—জানতে চাইলে ইমরান এইচ সরকার বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দীর্ঘায়িত করা নিয়ে আমরা কথা বলছি। লাখো কণ্ঠে জাতীয় সংগীত গাওয়ার জন্য ইসলামী ব্যাংকের টাকা নেওয়ার বিরুদ্ধেও বলেছি। এসব কারণে সরকার আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ ভাবছে। যে কারণে এ হামলা।’
এদিকে গতকালের ঘটনার পর ‘গণজাগরণ মঞ্চের সংগঠকবৃন্দ’ নাম দিয়ে মঞ্চের মুখপাত্র ইমরানবিরোধী অংশটি প্রকাশ্যে আসে। তারা গতকাল সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে ইমরানকে অবাঞ্ছিত ঘোষণা করে। গণজাগরণ মঞ্চের সঙ্গে শুরু থেকে যুক্ত ‘মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড’, ‘মুক্তিযুদ্ধ প্রজন্ম কেন্দ্রীয় সংসদ’ ও ‘গৌরব ’৭১’ নামের সংগঠনগুলোর কর্মীরাই ‘গণজাগরণ মঞ্চের সংগঠকবৃন্দের’ ব্যানারে গতকাল রাস্তায় নামেন। এঁরা মূলত আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে ইমরান এইচ সরকার গতকাল প্রথম আলোর কাছে দাবি করেন।
জানতে চাইলে মুক্তিযুদ্ধ প্রজন্ম কেন্দ্রীয় সংসদের যুগ্ম আহ্বায়ক ও গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক মোহাম্মদ হাবিবুল্লাহ মিজবাহ দাবি করেন, গোলাম আযমের মামলার রায়ের পর ইমরান এইচ সরকারের অবস্থান, মুখপাত্র হয়ে একনায়কতান্ত্রিক আচরণ ও আর্থিক অস্বচ্ছতার কারণে গণজাগরণ মঞ্চে বিভক্তি আসে। ইমরানের সঙ্গে দূরত্ব সৃষ্টি হয়।
অবশ্য বেশ কিছুদিন ধরেই এই অংশটি ইমরান এইচ সরকারের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, আর্থিক অনিয়মসহ বিভিন্ন অভিযোগ তুলে ফেসবুক-ব্লগে প্রচার চালাচ্ছে। ইমরানপন্থীদের পাশাপাশি তাঁর বিরোধী এ অংশের কর্মীরাও নিয়মিত শাহবাগের ‘প্রজন্ম চত্বরে’ জমায়েত হতেন, আড্ডা দিতেন। গত বৃহস্পতিবার চেয়ারে বসা নিয়ে দুই অংশের মধ্যে হাতাহাতি হয়। এরপর দুই পক্ষই শাহবাগ থানায় মামলা করতে যায়। সেখানে পুলিশের সামনে ইমরানপন্থীদের মারধর করেন অপর অংশের কর্মীরা। অবশ্য ইমরান অভিযোগ করেন, ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা ওই হামলা করেছেন।

ইমরান এইচ সরকারসহ গণজাগরণ মঞ্চের কর্মীদের গতকাল লাঠিপেটা করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভেতরে নিয়ে যায় পুলিশ । ছবি: প্রথম আলো
ইমরান এইচ সরকারসহ গণজাগরণ মঞ্চের কর্মীদের গতকাল লাঠিপেটা করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভেতরে নিয়ে যায় পুলিশ । ছবি: প্রথম আলো

পাল্টাপাল্টি মামলা: বৃহস্পতিবার রাত দুইটার দিকে উভয়পক্ষ শাহবাগ থানায় পাল্টাপাল্টি দুটি মামলা করে। এর মধ্যে গণজাগরণ মঞ্চের কর্মী নরেন্দ্র সাহা জয় বাদী হয়ে তাঁদের ওপর হামলার অভিযোগে একটি মামলা করেন। এতে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের মেহেদী হাসান, মুক্তিযুদ্ধ প্রজন্ম কেন্দ্রীয় সংসদের হাবিবুল্লাহ মিজবাহ, গৌরব ’৭১-এর এম এম শাহীন, গণজাগরণ কর্মী আবির ঘোষ, শিশির, ছাত্রলীগের উপসাংস্কৃতিক সম্পাদক শেখ আসমান, যুবলীগের নেতা নাসিম রূপক ও মো. বাবুলকে আসামি করা হয়।
আর মেহেদী হাসান বাদী হয়ে তাঁদের ওপর হামলার পাল্টা অভিযোগ এনে ইমরান এইচ সরকার, মাহমুদুল হক মুন্সী ও নবেন্দু সাহার বিরুদ্ধে অপর মামলাটি করেন।
কয়েক দফা লাঠিপেটা: বৃহস্পতিবারের ঘটনার প্রতিবাদে গতকাল দুই পক্ষই পাল্টাপাল্টি প্রতিবাদ সমাবেশ করতে আসে। গতকাল বেলা তিনটা থেকে ইমরানবিরোধী অংশের নেতা মেহেদী হাসানসহ ৪০-৫০ জন শাহবাগে এসে প্রতিবাদ সমাবেশ করার প্রস্তুতি নিতে থাকেন। চারটার দিকে তাঁদের সরিয়ে দিয়ে সাঁজোয়া যানসহ কয়েক প্লাটুন দাঙ্গা পুলিশ শাহবাগের পুরো চত্বর নিয়ন্ত্রণে নেয়।
বেলা সাড়ে চারটার দিকে গণজাগরণ মঞ্চের ইমরানপন্থী অংশের মাহমুদুল হক মুন্সীসহ কয়েকজন সেখানে আসেন। এ সময় মাহমুদুলকে সমাবেশের অনুমতি নিয়ে আসতে বলেন পুলিশের কর্মকর্তারা। জবাবে তিনি বলেন, ইমরান এইচ সরকার এলে তারপর দেখা যাবে। তাঁর সঙ্গে পুলিশের কর্মকর্তাদের বাগিবতণ্ডা হয়।
পৌনে পাঁচটার দিকে জাদুঘরের সামনে আসেন ইমরান এইচ সরকার। তিনি সাংবাদিকদের সঙ্গে আগের দিনের ঘটনা নিয়ে কথা বলছিলেন। এ সময় তাঁর সমর্থকেরা অনেকে সেখানে জড়ো হন। পুলিশ গিয়ে তাঁদের সেখান থেকে ধাওয়া করে আজিজ সুপার মার্কেটের সামনে পর্যন্ত নিয়ে যায়। সেখান থেকে ইমরানের নেতৃত্বে গণজাগরণ মঞ্চের কর্মীরা আবার শাহবাগ মোড়ের দিকে আসতে চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। তাঁরা বাধা অতিক্রম করে শাহবাগ মোড়ের কাছাকাছি এলে পুলিশ লাঠিপেটা শুরু করে। এতে ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লাকী আক্তারসহ অন্তত সাতজন আহত হন।
পুলিশের হামলার মুখে একপর্যায়ে ইমরান এইচ সরকারসহ অনেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভেতরে ঢুকে যান। পুলিশ সেখানে গিয়ে আবার লাঠিপেটা করে। সেখানে মাহমুদুল হক মুন্সীকে বেধড়ক পেটায়। একপর্যায়ে গণজাগরণের অন্য কর্মীরা মাহমুদুলকে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নিয়ে হাসপাতালে ভর্তি করান।
এর পরপর ইমরানবিরোধী অংশের কর্মীরা জাদুঘরের সামনে আবার জমায়েত হন। পুলিশ গিয়ে তাঁদেরও লাঠিপেটা করে। এতে কয়েকজন আহত হন। এ সময় মেহেদী হাসানসহ দুজনকে আটক করে পুলিশ।
এ বিষয়ে পুলিশের রমনা অঞ্চলের সহকারী কমিশনার শিবলী নোমান সাংবাদিকদের বলেন, ‘গণজাগরণ মঞ্চের দুটি অংশ একই সময়ে সমাবেশ ডাকে। তারা কেউই সমাবেশের অনুমতি নেয়নি। বারবার বলা সত্ত্বেও কেউ শাহবাগ ছেড়ে যায়নি। ফলে পুলিশ বাধ্য হয়ে অ্যাকশনে গিয়েছে।’ তিনি বলেন, আটক করা ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
অবশ্য গত বছরের ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া গণজাগরণ মঞ্চ মাসের পর মাস শাহবাগে বিভিন্ন কর্মসূচি পালন করেছে। তখন কোনো অনুমতির প্রশ্ন আসেনি। বরং পুলিশ নিরাপত্তা দিয়ে সহযোগিতা করেছে। এখন কেন অনুমতির প্রশ্ন তোলা হচ্ছে—জানতে চাইলে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে কিছু বলা হয়নি।
এ বিষয়ে ইমরান এইচ সরকার বলেন, ‘আমরা বিভিন্ন দিবসের কর্মসূচির বাইরে চলমান আন্দোলনে কখনো পুলিশের অনুমতি নিইনি। বিক্ষুব্ধ জনতার আন্দোলন কখনো কি পুলিশের অনুমতি নিয়ে হয়?’
ইমরানকে অবাঞ্ছিত ঘোষণা: গতকাল সন্ধ্যা সাতটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে ‘গণজাগরণ মঞ্চের সংগঠকবৃন্দ’-এর ব্যানারে সংবাদ সম্মেলন করে ইমরানবিরোধী অংশ। তারা গণজাগরণ মঞ্চে ইমরান এইচ সরকারকে অবাঞ্ছিত ঘোষণা করে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ‘গৌরব ৭১’-এর সাধারণ সম্পাদক এফ এম শাহীন। তাতে অভিযোগ করা হয়, গণজাগরণ মঞ্চের মুখপাত্র মনোনীত হওয়ার পর ইমরান স্বেচ্ছাচারিতা, আর্থিক অনিয়ম ও এই আন্দোলনের ফসলকে নিজের রাজনৈতিক স্বার্থ হাসিলের কাজে লাগানোর অপচেষ্টা করেন। তিনি দেশে থাকা এবং প্রবাসীদের কাছ থেকে কোটি কোটি টাকা সংগ্রহের মাধ্যমে আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করেছেন।
এ বিষয়ে ইমরান এইচ সরকার প্রথম আলোকে বলেন, তাঁর বিরুদ্ধে অভিযোগকারীরা প্রত্যেকেই একটা রাজনৈতিক দলের কর্মী। তাঁরা নিজের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য গণজাগরণ মঞ্চে এসেছিলেন। তাঁদের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়িত না হওয়ায় তাঁরা এসব অভিযোগ তুলেছেন। আর্থিক অনিয়মের অভিযোগ সম্পর্কে তিনি বলেন, তাঁরা কোনো সংগঠন থেকে কখনো চাঁদা নেননি। নিজেরাই নিজেদের খরচের জোগান দিয়ে থাকেন। তাই কোনো দুর্নীতির প্রশ্ন আসে না।
নিন্দা ও প্রতিবাদ: বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), উদীচী শিল্পীগোষ্ঠীসহ বিভিন্ন সংগঠন গতকাল পৃথক বিবৃতিতে গণজাগরণ মঞ্চের কর্মীদের ওপর পুলিশের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।