গণজাগরণ মঞ্চের কর্মীদের সবার ছবি তুলছিলেন তিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গতকাল সোমবার গণজাগরণ মঞ্চের ব্যানারে আন্দোলনকর্মীদের পৃথক পৃথক ছবি তোলার সময় রবিউল ইসলাম নামের এক বহিরাগতকে আটক করেন শিক্ষার্থীরা। পরে তাঁর কাছ থেকে মুঠোফোনের সাতটি সিম, দুটি কলেজের পরিচয়পত্র এবং তাঁর মুঠোফোনে জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের বক্তব্যের ভিডিও ক্লিপ পাওয়া যায়।বিষয়টি নিশ্চিত করে প্রক্টর সোহেল আহমেদ বলেন, ‘রবিউল অধিকাংশ প্রশ্নের সদুত্তর দিতে পারেননি। ফেসবুকে তাঁকে ট্যাগ করা ছবি ও তাঁর বন্ধুদের অধিকাংশ মন্তব্য মানবতাবিরোধী অপরাধের বিচারবিরোধী ও জামায়াত-শিবিরপন্থী। বিষয়টি সম্পর্কে আরও গভীরভাবে জানার লক্ষ্যে তাঁকে আশুলিয়া থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।’শিক্ষার্থীরা জানান, দুপুর ১২টার দিকে ‘গণজাগরণ মঞ্চ’ ব্যানারে হরতালবিরোধী মিছিলে অংশ নেন রবিউল। মিছিল শেষে শহীদ মিনার চত্বরে সমাবেশ চলাকালে মুঠোফোনের ক্যামেরা দিয়ে শিক্ষার্থীদের পৃথক পৃথক ছবি তুলছিলেন তিনি। তাঁর আচরণ সন্দেহজনক মনে হওয়ায় শিক্ষার্থীরা তাঁকে ছবি তোলার কারণসহ বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে তাঁকে প্রক্টরের কার্যালয়ে নিয়ে আসা হয়। প্রক্টরিয়াল বডির সদস্যরা রবিউলের মানিব্যাগ তল্লাশি করে মুঠোফোনের সাতটি সিম, খুলনা বিএল কলেজ ও খুলনা দৌলতপুর (দিবা-নৈশ) কলেজের দুটি পরিচয়পত্র পান। দুটি পরিচয়পত্রে তাঁর ছবি থাকলেও বিএল কলেজের ছবির নিচে নাম ছিল মুক্তারুল ইসলাম, অন্যটিতে নাম ছিল রবিউল ইসলাম। এ ছাড়া তাঁর মুঠোফোনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনের ছবি পাওয়া যায়।ঘটনার প্রত্যক্ষদর্শী বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সভাপতি জাহিদুল ইসলাম বলেন, মিছিল ও মিছিল-পরবর্তী সমাবেশে রবিউল অংশগ্রহণকারীদের আলাদা আলাদাভাবে ছবি তুলছিলেন। বিষয়টি নিয়ে সন্দেহ হলে তাঁকে প্রক্টরের কার্যালয়ে নেওয়া হয়।রবিউল শিবিরের সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়টি অস্বীকার করে বলেন, ‘সাভারে খালাতো বোনের বাসায় বেড়াতে এসে জাহাঙ্গীরনগরে ঘুরতে আসি। মিছিল দেখে সেখানে অংশ নিই এবং কিছু ছবি তুলি।’