গণজাগরণ মঞ্চের কর্মীর ওপর হামলা, গুলি
রাজধানীর শ্যামলীতে গতকাল মঙ্গলবার রাকিব আল মামুন (২৭) নামের গণজাগরণ মঞ্চের এক কর্মীর ওপর হামলা হয়েছে৷ দুর্বৃত্তরা তাঁকে রড দিয়ে পেটানোর পর তিনটি গুলি করেছে৷ তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়৷
পেশায় প্রকৌশলী মামুন পার্ল কনস্ট্রাকশন নামের একটি প্রতিষ্ঠানে চাকরি করেন। বেলা সাড়ে ১১টার দিকে শ্যামলীর পিসি কালচার হাউজিং এলাকায় তাঁর অফিসের নিচেই এ হামলা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মামুন রিকশায় করে অফিসের নিচে এসে নামা মাত্র সেখানে থাকা তিন যুবক তাঁকে প্রথমে রড দিয়ে পেটায়৷ পরে গুলি করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। গুরুতর আহত মামুনকে হাসপাতালে নেওয়া হয়৷
ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের আবাসিক সার্জন রিয়াজ মুর্শেদ জানান, মামুনের বুকে, পেটে ও হাতে তিনটি গুলি বিদ্ধ হয়েছে। তাঁর অবস্থা সংকটাপন্ন।
মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম জানান, মামুনের সহকর্মীদের পাশাপাশি তাঁর পরিবারের সদস্যদের সঙ্গেও পুলিশ কথা বলেছে। মামুনের বাবা সুলতান আহমেদ পুলিশ সদস্য।
মামুনের বন্ধুরা জানান, গত বছরের ফেব্রুয়ারিতে জামায়াতের নেতা আবদুল কাদের মোল্লার ফাঁসির দাবিতে গড়ে ওঠা গণজাগরণ মঞ্চের শুরু থেকেই মামুন সক্রিয় ছিলেন। সে সময় তিনি প্রতীকী ফাঁসির মঞ্চের নকশা করেন। তিনি অনলাইনে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে সোচ্চার ছিলেন।