গণজাগরণ মঞ্চের কাছে ককটেল বিস্ফোরণ

রাজধানীর শাহবাগ চত্বরে গণজাগরণ মঞ্চের কাছে গতকাল মঙ্গলবার রাত থেকে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড পাওয়া জামায়াতের নেতা কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর করা হবে, এমন খবরে গতকাল রাত থেকে মঞ্চের নেতা-কর্মীরা সেখানে অবস্থান নিয়ে আছেন।
কিন্তু রায়ের স্থগিতাদেশের বিষয়ে আজ শুনানি মুলতবি হওয়ায় হতাশা প্রকাশ করেছেন গণজাগরণ মঞ্চের সদস্যরা। ফাঁসি না হওয়া পর্যন্ত তাঁরা অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, ‘আমরা আশা করেছিলাম, আজই এ বিষয়ে একটি সুরাহা হবে। এটি হতাশাজনক যে আরও এক দিন সময় বাড়ানো হলো। তবে ফাঁসির রায় কার্যকর না হওয়া পর্যন্ত আমরা শাহবাগেই অবস্থান করব। রায় কার্যকর হওয়ার পর বিজয় মিছিল করে ঘরে ফিরব।’
কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর করা হবে—এমন খবর পেয়ে গতকাল রাত থেকেই শাহবাগে জড়ো হতে শুরু করেন গণজাগরণ মঞ্চের সদস্যরা। আজ দিনের আলো ফোটার পর থেকে সেখানে লোকসংখ্যা বাড়তে থাকে। শাহবাগে অবস্থান নিয়ে গণজাগরণ মঞ্চের সদস্যরা অবিলম্বে কাদের মোল্লার ফাঁসি কার্যকর করা, জামায়াতের রাজনীতি নিষিদ্ধের দাবিতে স্লোগান দিচ্ছেন। চলছে প্রতিবাদী গান।
গণজাগরণ মঞ্চের আশপাশে ককটেল বিস্ফোরণ
গতকাল রাত থেকে আজ বেলা তিনটা পর্যন্ত শাহবাগে গণজাগরণ মঞ্চের কাছে সাতটি ককটেল বিস্ফোরিত হয়েছে। এর মধ্যে গতকাল রাতে শাহবাগের বিএসএমএমইউ মার্কেটের সামনে চারটি ও চারুকলার সামনে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটে।
আজ বেলা পৌনে তিনটার দিকে শাহবাগ মোড়ে একটি ককটেল বিস্ফোরিত হয়। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে রাসেল নামের এক শরবত বিক্রেতাকে আটক করেছে পুলিশ।