গণজাগরণ মঞ্চের গাড়িবহরে ককটেল নিক্ষেপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরে গণজাগরণ মঞ্চের কর্মীদের বহনকারী গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার রাতে গণজাগরণ মঞ্চের নেতা-কর্মিদের বহনকারী গাড়ীবহর দিনাজপুর শহরে আসার পথে রাণীরবন্দর এলাকায় এই ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে।

গণজাগরণ মঞ্চের কর্মীরা জানিয়েছেন, সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে আয়োজিত সভায় যোগ দিতে তাঁরা দিনাজপুর শহরের দিকে আসছিলেন। রাত আটটার দিকে সৈয়দপুর থেকে দিনাজপুর আসার পথে রানীরবন্দরে গণজাগরণ মঞ্চের গাড়ীবহর লক্ষ্য করে দুটি ককটেল ছুড়ে মারে দুর্বৃত্তরা। ককটেল দুটি বহরের ৫ ও ৮ নং গাড়ীতে আঘাত করে। তবে কোনো ক্ষতি হয়নি। এই দুটির একটিতে ইমরান এইচ সরকার ছিলেন বলে গণজাগরণ মঞ্চের কর্মিরা জানিয়েছেন।

পরে দিনাজপুর ইন্সস্টিটিউট প্রাঙ্গণে দিনাজপুর গণজারণ মঞ্চ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত অসাম্প্রদায়িক বাংলাদেশে ধর্মের নামে রাজনীতি করার কোন সুযোগ নেই।

ইমরান বলেন, যাঁরা এ দেশের ৩০ লাখ মানুষকে হত্যা আর দুই লাখ মা বোনের সম্ভ্রম লুট করেছে তাঁদের বিচার এবং রায় কার্যকর করাই গণজাগরণ মঞ্চের আন্দোলনের মূল লক্ষ্য।

সভায় ইমরান বলেন, প্রতিষ্ঠার পর থেকে ১৯৫৪ সাল থেকে জামায়াতে ইসলামী দেশে সামপ্রদায়িক হামলা চালাতে শুরু করেছে। এরপর ১৯৬৯ এবং ১৯৭১ সালে তাঁরা প্রকাশ্য পাকিস্তানের পক্ষ নিয়ে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে যুদ্ধ করেছে। কক্সবাজার, রামু, চট্টগ্রাম, সাতক্ষীরা, যশোর, দিনাজপুর, ঠাকুরগাঁওসহ সারা দেশে জামায়াত-শিবির সামপ্রদায়িক হামলা চালিয়ে যাচ্ছে। বিশেষ ট্র্রাইবুনাল গঠন করে এসব হামলার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে তিনি সরকারের কাছে দাবি জানান।
গণজাগরণ মঞ্চ দিনাজপুরের আহবায়ক বিশিষ্ট মুক্তিযোদ্ধা মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে দিনাজপুর গণজাগরণ মঞ্চের নেতা সংস্কৃতি কর্মি রেজাউর রহমান বলেন, যতদিন দেশ থেকে জামায়াত-শিবির আলবদর নির্মূল হবে না, ততদিন গণজাগরণ মঞ্চের আন্দোলন চলবে।

বাংলাদেশ ছাত্রমৈত্রী কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তানভীর রুস্তম, জাসদ ছাত্রলীগ সাধারণ সম্পাদক শাহনেওয়াজ আলী, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি জনার্ধন দত্ত, ছাত্র আন্দোলন সভাপতি মনজুর রহমান, বিপ্লবী ছাত্র সংহতি সভাপতি মীর রেজাউল আলম, ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, গণজাগরণ মঞ্চের মাহমুদুল হক মুন্সি, নেত্রী শাম্মী আকতার, শাওন, সঙ্গীতা ইসলামসহ নেতারা জনসভা মঞ্চে উপস্থিত ছিলেন।