গণজাগরণ মঞ্চের চারজন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শাহবাগে আজিজ সুপার মার্কেটের সামনে গতকাল শনিবার সন্ধ্যায় ককটেল হামলায় গণজাগরণ মঞ্চের সংগঠক ও বাংলাদেশ ছাত্র মৈত্রীর সভাপতি বাপ্পাদিত্য বসু আহত হয়েছেন। এ সময় রিকশা-চালকসহ আরও তিনজন আহত হন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন বাপ্পাদিত্য জানান, জামায়াত-শিবির-ছাত্রদল ও পাকিস্তানি সমর্থনপুষ্ট জঙ্গিগোষ্ঠী পরিকল্পিতভাবে তাঁর ওপর এ হামলা চালিয়েছে।
গণজাগরণ মঞ্চের কর্মীরা জানান, পাকিস্তানি পণ্য বর্জনের প্রচারপত্র বিতরণ করে এলিফ্যান্ট রোড থেকে রিকশায় করে বাপ্পাদিত্য শাহবাগের উদ্দেশে রওনা হন। তাঁর সঙ্গে ছিলেন ছাত্র মৈত্রীর সাংগঠনিক সম্পাদক আল আমিন মাহাদী। একপর্যায়ে আজিজ সুপার মার্কেটের সামনে রিকশা থামিয়ে ফুটপাত থেকে কেনাকাটা করছিলেন তিনি। এ সময় মোটরসাইকেলে কয়েকজন দুর্বৃত্ত তাঁকে লক্ষ্য করে দুটি ককটেল ছুড়ে পালিয়ে যায়। একটি ককটেল রিকশার সামনে পড়লে চালক আসাদ মিয়া (৬০) আহত হন। অন্য একটি ককটেল বাপ্পার সামনে পড়লে তিনি বাঁ পায়ে আঘাত পান। কিন্তু রিকশায় বসা মাহাদী অল্পের জন্য রক্ষা পেয়েছেন। এলাকা ধোঁয়ায় ছেয়ে যাওয়ায় হামলাকারীদের তিনি চিনতে পারেননি।
পুলিশ জানায়, ককটেলের আঘাতে ফুটপাতের দোকানি মাহবুব আলম (২৩) ও পথচারী জামাল উদ্দিনের (৩৭) পা ঝলসে গেছে। এ ছাড়া ককটেলের আঘাতে রিকশাচালকের পিঠ ও দুই পা ঝলসে গেছে।
বাপ্পাদিত্য বলেন, হামলার আশঙ্কা করে চলতি বছরের ফেব্রুয়ারি ও অক্টোবরে তিনি শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। জামায়াত-শিবির ও ছাত্রদল ছবিসহ তাঁর পরিচয় দিয়ে ফেসবুকে তুলে জঙ্গিগোষ্ঠীর কাছে তাঁকে চেনাতে সহায়তা করেছে।
হাসপাতালে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার প্রথম আলোকে বলেন, পাকিস্তানের দেশীয় ও আন্তর্জাতিক সমর্থক জঙ্গিগোষ্ঠী গণজাগরণ মঞ্চের ওপর হামলা চালিয়েছে। সিলেটেও ওই চক্র আজ দুপুরে হামলা চালিয়ে কয়েকজনকে আহত করে। এরই অংশ হিসেবে বাপ্পার ওপর হামলা চালানো হয়েছে। তিনি দাবি করেন, তিনি রিকশা নিয়ে ঢোকার সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কাছেও ককটেল বিস্ফোরণ ঘটায় ওই চক্র।
হাসপাতালে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, তদন্ত শেষে হামলার কারণ সম্পর্কে নিশ্চিত করে বলা যাবে।
এদিকে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চানখাঁরপুল এলাকার সোনারগাঁও রোড মোড়ে পূবালী ব্যাংকের সামনে ককটেল বিস্ফোরণে ব্যাংকের নিরাপত্তাকর্মী আবদুল গণি (৪০) আহত হন। ককটেলের আঘাতে তাঁর পা ঝলসে গেছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন গণি জানান, অজ্ঞাত দুষ্কৃতকারীরা ককটেল ছুড়েছে।
রাত পৌনে আটটার দিকে পিলখানার কনজুমার সেন্টারের সামনে নিক্ষেপ করা ককটেলের আঘাতে নাজমা আক্তার নামের এক গৃহবধূর পা ঝলসে গেছে। মগবাজারের বাসা থেকে হাজারীবাগের একটি বাসায় যাওয়ার সময় সিএনজিচালিত অটোরিকশা থেকে নামার পর একটি ককটেল এসে তাঁর সামনে পড়ে বলে জানান নাজমা।