গণজাগরণ মঞ্চের ছয় দফা থেকে সরে গেছে সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণজাগরণ মঞ্চের ছয় দফা দাবি থেকে সরে গেছে সরকার৷ যুদ্ধাপরাধীদের বিচারে দীর্ঘসূত্রতা এবং জামায়াত নিষিদ্ধের ব্যাপারে সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল, সে অবস্থান থেকে সরে যাওয়াসহ বিভিন্ন কর্মকাণ্ডে বিষয়টি পরিষ্কার হচ্ছে৷
‘ঘরে ঘরে গণজাগরণ’ কর্মসূচির আওতায় গতকাল বুধবার বেলা ১১টার দিকে গাজীপুরের টঙ্গী বাজার এলাকায় প্রচারপত্র ও পোস্টার বিতরণকালে গণজাগরণ মঞ্চের একাংশের মুখপাত্র ইমরান এইচ সরকার এসব কথা বলেন৷ এ সময় তাঁর সঙ্গে ছিলেন সিপিবির জেলা শাখার সাধারণ সম্পাদক আসাদুল্লাহ বাদলসহ গণজাগরণ মঞ্চের কেন্দ্রীয় নেতারা৷
ইমরান সরকার বলেন, গত বছরের ৫ ফেব্রুয়ারি একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচার ও জামায়াত-শিবির নিষিদ্ধের দাবিতে সাধারণ মানুষ গণজাগরণ মঞ্চের মাধ্যমে রাজপথে নেমে এসেছিল৷
যুদ্ধাপরাধীদের বিচার কার্যক্রম ত্বরান্বিত ও জামায়াত নিষিদ্ধসহ ছয় দফা দাবির সপক্ষে জনমত তৈরিতে গতকাল গাজীপুরে প্রচারণা চালায় গণজাগরণ মঞ্চের এই অংশ৷ টঙ্গী বাজার থেকে সকাল ১০টার দিকে কর্মসূচি শুরু হয়৷ পরে টঙ্গী কলেজ গেট, বোর্ডবাজার ও ভোগড়া বাইপাস মোড় এলাকায় প্রচারপত্র ও পোস্টার বিতরণ করা হয়৷ বিকেলে জয়দেবপুর বাজার, জয়দেবপুর বাসস্ট্যান্ড, শিববাড়ী ও চান্দনা চৌরাস্তা এলাকায় প্রচারণা চালানো হয়৷