গণজাগরণ মঞ্চের টানা অবস্থান কর্মসূচি স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশব্যাপী নৈরাজ্য, সন্ত্রাস ও সহিংসতার প্রতিবাদে রাজধানীর শাহবাগে শুরু হওয়া টানা অবস্থান কর্মসূচি এক দিনের মাথায় স্থগিত করেছে গণজাগরণ মঞ্চ। গতকাল শুক্রবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার এই কর্মসূচি স্থগিত করেন।
ইমরান এইচ সরকার কর্মসূচি স্থগিতের কারণ সম্পর্কে বলেন, টানা দুই দিনের অবস্থানে এখানকার কর্মী-সংগঠকেরা শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। আর তাঁদের অন্যতম দাবি ছিল সারা দেশে এসএসসি পরীক্ষা নির্বিঘ্নে হওয়া, যেটি গতকাল হয়েছে। তিনি বলেন, ‘কোনো কোমলমতি শিক্ষার্থীর ওপর যদি আক্রমণ হয়, তবে দেশ ও জাতির প্রয়োজনে আবারও গণ-অবস্থান করবে গণজাগরণ মঞ্চ।’
যাঁরা এ ধরনের ধ্বংসাত্মক কর্মসূচি ডাকেন, তাঁদের গণতন্ত্রের নামধারী উল্লেখ করে ইমরান বলেন, এভাবে মানুষ হত্যার পেছনে সরকারও অনেকাংশে দায়ী। মূলত বিএনপি যুদ্ধাপরাধী সংগঠন জামায়াতের সহযোগিতায়ই সহিংসতা চালাচ্ছে। জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করলে আর যুদ্ধাপরাধীদের বিচার-প্রক্রিয়া চলমান রাখলে এই সহিংসতা হতো না।
এর আগে বিকেল চারটার দিকে শাহবাগ থেকে ‘মুক্তির অভিযাত্রা’ নামে একটি পদযাত্রা করে গণজাগরণ মঞ্চ। পদযাত্রাটি পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কে গিয়ে আবার শাহবাগে ফিরে আসে। পদযাত্রায় কয়েক শ মানুষ লোক জাতীয় পতাকা, দাবিসংবলিত পোস্টার ও ফেস্টুন নিয়ে অংশ নেন।
গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শুরু হওয়া অবস্থান কর্মসূচি বৃহস্পতিবার রাতেও চলে। রাতে মোমবাতি জ্বেলে, ফুল দিয়ে মানচিত্র এঁকে ও রাস্তায় বিভিন্ন প্রতিবাদী চিত্রাঙ্কন করে, মুক্তিযুদ্ধের চলচ্চিত্র দেখে রাতযাপন করেন মঞ্চের কর্মী-সংগঠকেরা। সকাল থেকে স্লোগান দিতে থাকেন তাঁরা।