গণজাগরণ মঞ্চের টানা অবস্থান স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইমরান এইচ সরকার। ফাইল ছবি।
ইমরান এইচ সরকার। ফাইল ছবি।

দেশব্যাপী নৈরাজ্য, সন্ত্রাস ও সহিংসতার প্রতিবাদে শাহবাগে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া টানা অবস্থান কর্মসূচি এক দিনের মাথায় স্থগিত করেছে গণজাগরণ মঞ্চ। আজ শুক্রবার সন্ধ্যায় মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার এ কর্মসূচি স্থগিত করেন।

সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে ইমরান এইচ সরকার কর্মসূচি স্থগিতের কারণ সম্পর্কে বলেন, টানা দুদিনের অবস্থানে এখানকার কর্মী-সংগঠকেরা শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। আর তাঁদের অন্যতম দাবি ছিল, সারা দেশে এসএসসি পরীক্ষা নির্বিঘ্নে হওয়া, যেটি আজ হয়েছে। তিনি বলেন, ‘কোনো কোমলমতি শিক্ষার্থীর ওপর যদি আক্রমণ হয়, তবে দেশ ও জাতির প্রয়োজনে আবারও প্রয়োজনে গণ-অবস্থান করবে গণজাগরণ মঞ্চ। ’

যারা এ ধরনের ধ্বংসাত্মক কর্মসূচি ডাকে, তাদের গণতন্ত্রের নামধারী উল্লেখ করে ইমরান বলেন, এভাবে মানুষ হত্যার পেছনে সরকারও অনেক অংশে দায়ী। মূলত বিএনপি যুদ্ধাপরাধী সংগঠন জামায়াতের সহযোগিতায়ই সহিংসতা চালাচ্ছে। জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করলে আর যুদ্ধাপরাধীদের বিচারপ্রক্রিয়াকে চলমান রাখলে এই সহিংসতা হতো না।
এর আগে বিকেল চারটার দিকে শাহবাগ থেকে নিজেদের দাবিতে ‘মুক্তির অভিযাত্রা’ নামে একটি পদযাত্রা করে গণজাগরণ মঞ্চ। এই পদযাত্রাটি পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কে গিয়ে আবার ফিরে আসে। পদযাত্রায় কয়েক শ মানুষ জাতীয় পতাকা, দাবি সংবলিত পোস্টার ও ফেস্টুন নিয়ে অংশ নেন।
গতকাল বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে শুরু হওয়া এই অবস্থান কর্মসূচি রাতেও চলে। শাহবাগে রাতে মোমবাতি জ্বালিয়ে, ফুল দিয়ে মানচিত্র এঁকে ও রাস্তায় বিভিন্ন প্রতিবাদী চিত্রাঙ্কন করে, মুক্তিযুদ্ধের চলচ্চিত্র দেখেন তাঁরা। সকাল থেকেই আগের মতো স্লোগান চলতে থাকে। এরপর সন্ধ্যায় কর্মসূচি স্থগিত করেন।