গণজাগরণ মঞ্চের দুই পক্ষের কাদা ছোড়াছুড়ি
সাঈদী-নিজামীসহ মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত সবার বিচারের দাবিতে গতকাল বৃহস্পতিবার শাহবাগে গণজাগরণ মঞ্চের দুই অংশ পাল্টাপাল্টি কর্মসূচি পালন করেছে। সেখানে দুই অংশই প্রতিপক্ষকে ‘যুদ্ধাপরাধীদের মিত্র’ আখ্যায়িত করে৷
বিকেল পাঁচটার দিকে বিরোধীদের দিকে মাইক তাক করে স্লোগানের মধ্য দিয়ে মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারপক্ষের সমাবেশ শুরু হয়। এর পাঁচ মিনিটের মাথায় মাত্র ২০-২৫ হাত দূরে থাকা পক্ষবিরোধীদের দিকে পাল্টা মাইক ঘুরিয়ে গণসংগীত শুরু করে। এতে সেখানে তীব্র শব্দদূষণের সৃষ্টি হয়।
সরকারের উদ্দেশে ইমরান এইচ সরকার বলেন, ‘জামায়াত-হেফাজত যাদের বন্ধু, গণজাগরণ মঞ্চের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। যারা বলছেন, গণজাগরণ মঞ্চের কোনো প্রয়োজন নেই, তারা নতুন নতুন বন্ধু জোটাচ্ছেন।’ অপর অংশের কর্মীদের উদ্দেশে ইমরান বলেন, ‘আপনারা সবকিছু ভুলে সংগ্রামের কাতারে আসুন। কোনো আঁতাতের সহযাত্রী হবেন না।’
এ পক্ষের সমাবেশে মানবাধিকারকর্মী খুশী কবির বলেন, যারা গণজাগরণ মঞ্চের সঙ্গে আগে ছিল এখন নেই, তারা প্রত্যেকেই রাজাকার। এখানে আরও বক্তব্য দেন উদীচীর যুগ্ম সাধারণ সম্পাদক জামশেদ আনোয়ার, সাবেক ছাত্রনেতা খান আসাদুজ্জামান, ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লাকী আক্তার, গণজাগরণ সাংস্কৃতিক মঞ্চের সমন্বয়ক শামীম আরা প্রমুখ৷
অপর পক্ষের কর্মসূচিতে এর নেতা কামাল পাশা চৌধুরী বলেন, গণজাগরণ মঞ্চের আন্দোলন সরকার ওঠানো-নামানোর আন্দোলন নয়৷ সরকার ইসলামী ব্যাংকের টাকা নিচ্ছে কি না, সেটাও গণজাগরণ মঞ্চ দেখবে না। তাঁরা দেখবে যুদ্ধাপরাধীর বিচার হচ্ছে কি না।
এ পক্ষের অন্যতম সংগঠক মেহেদী হাসান বলেন, সরকার ইসলামী ব্যাংকের টাকা খেয়ে বিচার বন্ধ করার চেষ্টা করছে, এমন যারা বলে তারা মুখোশধারী, ছদ্মবেশী জামায়াত-শিবির। এ সময় মুক্তিযোদ্ধা জহির উদ্দিন, কবি ওসমান ফারুক প্রমুখ বক্তব্য দেন। পরে সাঈদীর প্রতীকী ফাঁসি দেওয়া হয় এবং তাঁর কুশপুত্তলিকা দাহ করা হয়।