গণজাগরণ মঞ্চের দ্বিতীয় রোডমার্চ কাল শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাম্প্রদায়িক সন্ত্রাস প্রতিরোধে আগামীকাল ১৭ জানুয়ারি ঠাকুরগাঁও অভিমুখে দ্বিতীয় রোডমার্চের ডাক দিয়েছে গণজাগরণ মঞ্চ। গতকাল বুধবার বিকেলে শাহবাগের প্রজন্ম চত্বরে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, যশোরের প্রথম রোডমার্চের পরও পরিস্থিতির কোনো সন্তোষজনক উন্নতি না হওয়ায় তাঁরা উদ্বিগ্ন। তাই সাম্প্রদায়িক সন্ত্রাস প্রতিরোধে জনসচেতনতা তৈরি, আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতা প্রকাশ ও সহযোগিতা করার জন্য ঢাকা থেকে ঠাকুরগাঁও অভিমুখে দ্বিতীয় রোডমার্চের ডাক দেওয়া হয়েছে। ১৭, ১৮ ও ১৯ জানুয়ারি এ রোডমার্চ অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে বলা হয়, ১৭ জানুয়ারি সকাল আটটায় রোডমার্চ শাহবাগ থেকে যাত্রা শুরু করবে।