গণজাগরণ মঞ্চের নিরাপত্তায় পুলিশের কিছু পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণজাগরণ মঞ্চের নিরাপত্তা নিশ্চিত করতে সেখানে আগতদের ব্যাগ বা পোঁটলা বহন না করাসহ কয়েকটি পরামর্শ মেনে চলার অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ। গতকাল শুক্রবার রাতে পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই অনুরোধ জানানো হয়।বিজ্ঞপ্তিতে মহাসমাবেশে আগতদের ব্যাগ বা পোটলা বহন না করতে বলা হয়েছে। পুলিশের ব্যারিকেডের ভেতরে মোটরসাইকেল বা অন্য যানবাহন নিয়ে না ঢোকার পরামর্শ দেওয়া হয়েছে। ঢাকা ক্লাব, কাঁটাবন ক্রসিং ও চারুকলার সামনে স্থাপিত ব্যারিকেডের বাইরে যানবাহন রেখে সমাবেশে যেতে বলা হয়েছে। গণমাধ্যমকর্মীদের যানবাহনও ব্যারিকেডের ভেতরে প্রবেশ না করাতে বলা হয়েছে। তবে সরাসরি সম্প্রচারের যন্ত্রপাতিসহ যানবাহন ব্যারিকেডের ভেতরে ঢোকানো যাবে। এ ছাড়া কোনো কিছু বা কোনো ব্যক্তিকে সন্দেহ হলে শাহবাগের অস্থায়ী পুলিশ নিয়ন্ত্রণকক্ষে জানাতে বলা হয়েছে। সব শেষে ওই বিজ্ঞপ্তিতে ট্রাফিকের নির্দেশনা ও পুলিশের পরামর্শ মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।