গণজাগরণ মঞ্চের নেতার ওপর হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের কেশবপুরের একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি ও গণজাগরণ মঞ্চের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিকীর ওপর গতকাল বৃহস্পতিবার হামলা হয়েছে। জামায়াত-শিবিরের কর্মীরা এই হামলা করেছে বলে তিনি অভিযোগ করেছেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, গতকাল সকালে তিনি কেশবপুর থেকে যশোরের উদ্দেশে রওনা হন। পথিমধ্যে মনিরামপুরের চিনাটোলায় রাস্তা অবরোধকারী জামায়াত-শিবিরের কর্মীরা তাঁর ওপর লাঠি দিয়ে হামলা চালান।
আবু বক্কর সিদ্দিকী অভিযোগ করেন, জামায়াত-শিবিরের কর্মীরা তাঁকে ‘নাস্তিক’ বলে লাঠি দিয়ে মাথায়, হাতে-পায়ে ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করেন। সঙ্গে থাকা আইনজীবীরা তাঁকে কোনো রকমে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী সাংবাদিকদের রক্ত পরীক্ষা করা দরকার বলে কটূক্তি করলে তিনি যশোরের আদালতে সাঈদীর নামে ২০০১ সালে মামলা করেন। মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর রেজাউল হোসেন রেজা জানিয়েছেন, এ ঘটনায় মামলা হলে অপরাধীদের গ্রেপ্তার করা হবে।