গণজাগরণ মঞ্চের পতাকা মিছিল
হেফাজতে ইসলামের ১৩ দফা দাবি ও হরতাল প্রত্যাখ্যান করে জাতীয় পতাকা নিয়ে মিছিল করেছে গণজারগণ মঞ্চ, চট্টগ্রাম। গতকাল সোমবার বিকেলে গণজাগরণ মঞ্চের সমাবেশ থেকে দেশের বিভিন্ন স্থানে হামলার ঘটনায়ও তীব্র নিন্দা জানানো হয়।গতকাল বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে গণজাগরণ মঞ্চের সমাবেশ শুরু হয়। সমাবেশ শেষে শুরু হয় পতাকা মিছিল। মিছিলে সমবেত সবার হাতে ছিল জাতীয় পতাকা। মিছিলকারীদের অনেকের হাতে ছিল লাঠি। মিছিলটি নগরের জামালখান ও চেরাগী পাহাড় মোড় হয়ে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। গণজারগরণ মঞ্চ আয়োজিত সমাবেশে সংহতি জানিয়ে বাংলাদেশ ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন, ছাত্র ফেডারেশন, যুবলীগ, যুবমৈত্রী, সাংস্কৃতিক সংগঠন উদীচী, আবৃত্তি সংগঠন প্রমা, বোধনসহ বিভিন্ন সমাজিক-সাংস্কৃতিক সংগঠন অংশ নেয়। এরপর সেখান থেকে লাঠি মিছিল নিয়ে ডিসি হিল মোড় হয়ে নিউমার্কেটে গিয়ে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে গণজাগরণ মঞ্চের সংগঠক ও সাবেক ছাত্রনেতা মফিজুর রহমান, গণজাগরণ মঞ্চের সমন্বয়কারী শরীফ চৌহান, ছাত্রলীগের সাবেক নেতা ফারহান আহমেদ, হাসান মুরাদ, যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক কায়সার আলম, ছাত্রনেতা রবিউল হোসেন, আবু তোরাব পলাশ প্রমুখ বক্তব্য দেন। সমাবেশ পরিচালনা করেন আবৃত্তিশিল্পী ও গণজাগরণ মঞ্চের সংগঠক রাশেদ হাসান।