গণজাগরণ মঞ্চের পাকিস্তানি হাই কমিশন ঘেরাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গণজাগরণ মঞ্চের কর্মীদের মুহুর্মুহু স্লোগানে গতকাল প্রকম্পিত হয়ে ওঠে গুলশান ২ নম্বর গোলচত্বর এলাকা। বাধা সত্ত্বেও পাকিস্তান দূতাবাস অভিমুখে মিছিল নিয়ে যান তাঁরা। মিছিলে বহন করা পোস্টার-প্ল্যাকার্ডে লেখা ছিল ‘নিজের চরকায় তেল দাও’, ‘পাকিস্তানকে ক্ষমা চাইতে হবে’ । ছবি: প্রথম আলো
গণজাগরণ মঞ্চের কর্মীদের মুহুর্মুহু স্লোগানে গতকাল প্রকম্পিত হয়ে ওঠে গুলশান ২ নম্বর গোলচত্বর এলাকা। বাধা সত্ত্বেও পাকিস্তান দূতাবাস অভিমুখে মিছিল নিয়ে যান তাঁরা। মিছিলে বহন করা পোস্টার-প্ল্যাকার্ডে লেখা ছিল ‘নিজের চরকায় তেল দাও’, ‘পাকিস্তানকে ক্ষমা চাইতে হবে’ । ছবি: প্রথম আলো

কয়েক দফা পুলিশি বাধা পেরিয়ে গতকাল বুধবার পাকিস্তানের ঢাকাস্থ হাইকমিশন ঘেরাও করল গণজাগরণ মঞ্চ। ঘেরাও কর্মসূচি শেষে এক সমাবেশে পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক অস্থায়ীভাবে ছিন্ন করার দাবি জানানো হয়। আজ বৃহস্পতিবার বেলা তিনটার মধ্যে এ দাবি মানা না হলে গুলশান-২ নম্বর চত্বরে আবার সমাবেশ ও পাকিস্তান হাইকমিশন ঘেরাও করবে গণজাগরণ মঞ্চ।
সন্ধ্যা ছয়টার দিকে রাজধানীর গুলশানে এক সমাবেশে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার এই দাবি জানান। ঘেরাও কর্মসূচি চলাকালে পুলিশের বাধায় কয়েকজন আহত হওয়ার ঘটনায় জড়িত পুলিশের কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করা হয়।
গতকাল বেলা তিনটায় গণজাগরণ মঞ্চের পূর্বঘোষিত পাকিস্তান হাইকমিশন ঘেরাও কর্মসূচি শুরু হয় গুলশান ২ নম্বর চত্বরে। জায়গাটি পুলিশ আগে থেকেই ঘিরে রেখেছিল। গোলচত্বরে গণজাগরণ মঞ্চের কর্মীরা ‘পাকিস্তান চিৎকার বন্ধ করো’, ‘পাকিস্তান বাংলাদেশের বিষয়ে নাক গলানো বন্ধ করো’ ইত্যাদি স্লোগান লেখা পোস্টারও বহন করছিলেন। সাড়ে তিনটার দিকে পুলিশের বেষ্টনী ভেঙে মিছিলকারীরা কিছু দূর গেলে আবারও পুলিশের বাধার মুখে পড়েন। আবারও বেষ্টনী ভেঙে মিছিলকারীরা এগিয়ে গেলে পুলিশ অস্ট্রেলিয়ান হাইকমিশনের সামনে বাধা দেয়। তার পরও আটকে রাখতে পারেনি পুলিশ। মিছিলকারীদের একটি অংশ বেষ্টনী ভেঙে পাকিস্তানি হাইকমিশনের একদম সামনে গিয়ে মূল ফটকের সামনে মুহুর্মুহু স্লোগান দিতে থাকে। কাগজের তৈরি পাকিস্তানের পতাকা পোড়ানো হয়। একপর্যায়ে পুলিশ ও র্যাব অবস্থানকারীদের এলাকা থেকে হটিয়ে দেয়। এ সময় কয়েকজনকে লাঠিপেটা করা হয়।
অবস্থানকারীরা পুলিশের ধাওয়া খেয়ে অস্ট্রেলিয়ান হাইকমিশনের সামনে এসে সমাবেশ শুরু করেন। সেখানে পুলিশের আচরণের প্রতিবাদ করে স্লোগান দিতে থাকেন গণজাগরণ মঞ্চের কর্মীরা। পুলিশি বাধায় আটজন কর্মী আহত হয়েছেন বলে জানান তাঁরা। এর মধ্যে বাপ্পাদিত্য বসুর অবস্থা আশঙ্কাজনক বলে দাবি করা হয়। পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার খন্দকার লুৎফুল কবির গণজাগরণ মঞ্চের কর্মীদের ওপর পুলিশের চড়াও হওয়ার জন্য দুঃখ প্রকাশ করে ঘটনা তদন্তের আশ্বাস দেন।
ইমরান এইচ সরকার এ ঘটনায় জড়িত পুলিশ কর্মকর্তাদের প্রত্যাহারের দাবি জানান। তিনি বলেন, ‘পাকিস্তান আনুষ্ঠানিকভাবে ক্ষমা না চাওয়া পর্যন্ত তাদের সঙ্গে আমাদের (বাংলাদেশের) কূটনৈতিক কোনো সম্পর্ক থাকতে পারে না।’ দাবি না মানা পর্যন্ত গণজাগরণ মঞ্চ রাজপথেই থাকবে বলে ঘোষণা দেন তিনি।
গুলশান চত্বরে গতকালের প্রথম সমাবেশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ার হোসেন ও ফেরদৌসী প্রিয়ভাষিণী বক্তব্য দেন। এ সময় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সারওয়ার আলী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দীন ইউসুফ, সাংবাদিক আবেদ খান, শাহীন রেজা নূরসহ বুদ্ধিজীবী, পেশাজীবী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এদিকে, কাদের মোল্লার ফাঁসি নিয়ে পাকিস্তান পার্লামেন্টে প্রস্তাব গ্রহণের প্রতিবাদে সারা দেশেই বিক্ষোভ হয়েছে। আমাদের চট্টগ্রাম প্রতিনিধি জানান, গতকাল সে দেশের জাতীয় পতাকায় আগুন দিয়েছে চট্টগ্রামের বিক্ষুব্ধ লোকজন। পাশাপাশি পাকিস্তান হাইকমিশন বন্ধ করে দেওয়ার দাবি জানিয়েছে চট্টগ্রামের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। গতকাল বুধবার নগরের প্রেসক্লাব ও দারুল ফজল মার্কেট চত্বরে পৃথক সমাবেশ ও মিছিল করেছে নগর আওয়ামী লীগ, জেগে ওঠো বাংলাদেশসহ বিভিন্ন সংগঠন। এ সময় তারা পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর কুশপুত্তলিকাও দাহ করে। দারুল ফজল মার্কেট চত্বরে সমাবেশে নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী সরকারের উদ্দেশে বলেন, ‘পাকিস্তানের সঙ্গে আমাদের সম্পর্কের দরকার নেই। তাদের হাইকমিশন বন্ধ করে দিন।’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জানান, গতকাল বেলা দেড়টার সময় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে ছাত্রলীগের নেতা-কর্মীরা পাকিস্তানের পতাকায় অগ্নিসংযোগ করেন। বগুড়া প্রতিনিধি জানান, গতকাল শহরের সাতমাথা এলাকায় ‘বিক্ষুব্ধ নাগরিক সমাজ-বগুড়া’র ব্যানারে বিক্ষোভ-সমাবেশ শেষে পাকিস্তানের পতাকা পুড়িয়ে দেওয়া হয়। বরিশাল অফিস জানায়, বরিশালের ২৭টি সংগঠনের জোট বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ বিকেল সাড়ে চারটায় নগরের অশ্বিনীকুমার হল চত্বরে একই ঘটনায় প্রতিবাদ সমাবেশ করে।