গণজাগরণ মঞ্চের বর্ষপূর্তি পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বক্তব্য, গান, আবৃত্তিসহ নানা আয়োজনে চট্টগ্রামে পালিত হয়েছে গণজাগরণ মঞ্চের বর্ষপূর্তি। এ উপলক্ষে গতকাল বুধবার বিকেলে চট্টগ্রাম নগরের চেরাগী পাহাড় মোড়ে চট্টগ্রামের গণজাগরণ মঞ্চ এসব কর্মসূচির আয়োজন করে।
সমবেত কণ্ঠে জাতীয় সংগীতের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। এরপর গণজাগরণ মঞ্চের কর্মীদের শপথ পাঠ করান শহীদজায়া মুশতারী শফী। শপথে বলা হয়, ‘সকল যুদ্ধাপরাধীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। জামায়াত-শিবির নিষিদ্ধ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। যেকোনো ধরনের সাম্প্রদায়িক হামলা আমরা প্রতিরোধ করব।’
এরপর গণসংগীত, আবৃত্তি ও নৃত্যের ফাঁকে ফাঁকে চলে বক্তব্য। বক্তারা বলেন, দেশের কঠিন সময়ে গণজাগরণ মঞ্চের জন্ম। এই মঞ্চের তরুণ কর্মীরা যুদ্ধাপরাধীমুক্ত দেশ গঠনে সচেষ্ট রয়েছেন। সব যুদ্ধাপরাধীর শাস্তি না হওয়া পর্যন্ত তাঁরা ঘরে ফিরবেন না।
জামায়াত-শিবির নিষিদ্ধ করার দাবি জানিয়ে বক্তারা বলেন, জামায়াত-শিবির এখনো ফণা তুলছে। তাদের প্রতিহত করতে হবে। এই সরকারের কাছে দাবি, অবিলম্বে জামায়াতকে নিষিদ্ধ করা হোক।
কর্মসূচিতে অন্যদের মধ্যে বক্তব্য দেন গণজাগরণ মঞ্চের সমন্বয়ক শরীফ চৌহান, উদীচীর সহসভাপতি চন্দন দাশ, দেলোয়ার মজুমদার, সংস্কৃতিকর্মী দেওয়ান মাকসুদ, প্রমা আবৃত্তি সংগঠনের রাশেদ হাসান প্রমুখ।
আবৃত্তি পরিবেশন করেন বোধন ও প্রমার সদস্যরা। গণসংগীত পরিবেশন করেন উদীচীর শিল্পীরা।