গণজাগরণ মঞ্চের বিক্ষোভ মিছিল
সিলেটে বিজ্ঞানবিষয়ক লেখক ও ব্লগার অনন্ত বিজয় দাশকে হত্যার প্রতিবাদে রাজধানীর শাহবাগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গণজাগরণ মঞ্চ। মঞ্চের কর্মী-সংগঠকদের দাবি, নিহত বিজয় দাশ সিলেটে গণজাগরণ মঞ্চের একজন সংগঠক।
গতকাল মঙ্গলবার বিকেলে জাতীয় জাদুঘরের সামনে সমাবেশে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, ‘একের পর এক ব্লগারকে হত্যা করা হলেও কোনো হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এসব ঘটনার বিচার না করে সরকার তা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে।’
ইমরান বলেন, এসব ধামাচাপার রাজনীতির ফলে মৌলবাদী গোষ্ঠী একের পর এক হত্যাকাণ্ড নির্বিঘ্নে ঘটিয়ে চলছে। ব্লগার রাজীবের হত্যাকারীদের গ্রেপ্তার করা হলেও তাদের জামিনের মাধ্যমে বিদেশে পাচার করে দেওয়া হয়েছে। ফলে সরকারের ভেতরের লোকেরা এই হত্যাকাণ্ডের পৃষ্ঠপোষক কি না, তা নিয়ে এখন মানুষের মনে প্রশ্ন দেখা দিয়েছে।