গণজাগরণ মঞ্চের বিজয় মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও জামায়াতের নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ফাঁসির রায় কার্যকর হওয়ায় গতকাল রোববার বিজয় মিছিল করেছে গণজাগরণ মঞ্চ।
বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে থেকে গণজাগরণ মঞ্চের বিজয় মিছিল শুরু হয়। কেন্দ্রীয় শহীদ মিনার ঘুরে মিছিলটি আবার শাহবাগে গিয়ে শেষ হয়। মিছিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।
মিছিলের আগে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার জামায়াতে ইসলামীর ডাকা হরতালের প্রতিবাদে আজ সোমবার সকাল ১০টা থেকে শাহবাগে অবস্থান কর্মসূচির ঘোষণা দেন। এ সময় তিনি বলেন, এই দুই যুদ্ধাপরাধীর রায় কার্যকর করার মধ্য দিয়ে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। এর মাধ্যমে বিশ্বে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ। এই রায় কার্যকর প্রতিশোধ থেকে নয়, বরং দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্যই।
ইমরান বলেন, ‘এখন আমরা ভবিষ্যৎ প্রজন্মকে দেখাতে পারব যে জাতির বীর সন্তানদের হত্যা করে বা কোনো ধরনের অন্যায় করে পার পাওয়া যায় না। আর এই দুই যুদ্ধাপরাধীর ক্ষমা প্রার্থনার মধ্য দিয়ে প্রমাণিত হলো যে তাঁরা এত দিন যে আদর্শের কথা বলতেন, তা ছিল জাতির সঙ্গে একটি প্রতারণা। এখন মুখোশ উন্মোচিত হওয়ায় তাঁরা ক্ষমা প্রার্থনার বিষয়টিকে মিথ্যা বলার চেষ্টা করছেন।