গণজাগরণ মঞ্চের মশাল মিছিল

জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর যুদ্ধাপরাধের মামলার চূড়ান্ত রায় প্রত্যাখ্যান করে চট্টগ্রাম নগরে মশাল মিছিল করেছে গণজাগরণ মঞ্চ। এ সময় ঢাকায় গণজাগরণ মঞ্চের ওপর হামলার প্রতিবাদ জানানো হয়। মিছিলে ‘আপসের এ রায় মানি না, মানব না,’ ‘সকল যুদ্ধাপরাধীর ফাঁসি চাই’ ইত্যাদি স্লোগান দেওয়া হয়।
গতকাল বুধবার সন্ধ্যা সাতটার দিকে নগরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে গণজাগরণ মঞ্চের মশাল মিছিল বের হয়। মিছিলটি রিয়াজউদ্দিন বাজার, নিউমার্কেট ঘুরে আবারও শহীদ মিনারে এসে শেষ হয়। সেখানে সমাপনী বক্তব্য দেন শরীফ চৌহান ও শাহবাগ গণজাগরণ মঞ্চের স্লোগানকন্যা লাকী আক্তার। মিছিলে উপস্থিত ছিলেন শাহবাগের গণজাগরণ মঞ্চের সংগঠক লাকী আক্তার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গণজাগরণ মঞ্চ চট্টগ্রামের সদস্যসচিব ডা. চন্দন দাশ, সমন্বয়কারী শরীফ চৌহান, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন চট্টগ্রাম কেন্দ্রের সাবেক সভাপতি প্রকৌশলী দেলোয়ার মজুমদার, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, প্রমা আবৃত্তি সংগঠনের সভাপতি রাশেদ হাসান, উদীচী চট্টগ্রাম জেলা সংসদের সাধারণ সম্পাদক সুনীল ধর প্রমুখ।
এ ছাড়া শহীদ মিনারের সংক্ষিপ্ত সমাবেশ থেকে আজ শুক্রবার বিকেল চারটায় চেরাগী মোড়ে প্রতিবাদ সমাবেশের ডাক দেওয়া হয়েছে।