গণজাগরণ মঞ্চের মশালমিছিল
বগুড়ায় গণজাগরণ মঞ্চের রোডমার্চে হামলাকারী জামায়াত-শিবির কর্মীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছে চট্টগ্রামের গণজাগরণ মঞ্চ।
গতকাল শনিবার সন্ধ্যায় নগরের চেরাগী পাহাড় মোড়ে প্রতিবাদ সমাবেশ ও মশালমিছিল থেকে এই দাবি জানানো হয়। এ সময় বক্তারা বলেন, একাত্তরের পরাজিত শক্তি জামায়াত-শিবির চক্র বারবার স্বাধীনতার পক্ষের শক্তির ওপর হামলা চালিয়ে পার পেয়ে যাচ্ছে। তারাই দেশের বিভিন্ন এলাকায় ধর্মীয় সংখ্যালঘুদের ওপর সন্ত্রাসী হামলা-আগুন দেওয়াসহ বিভিন্ন অপকর্ম ঘটাচ্ছে।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন দেলোয়ার মজুমদার, গণজাগরণ মঞ্চ চট্টগ্রামের সমন্বয়ক শরীফ চৌহান, উদীচী জেলার সাধারণ সম্পাদক সুনীল ধর, প্রমা আবৃত্তি সংগঠনের সভাপতি রাশেদ হাসান, মিলি চৌধুরী, স্বপন মজুমদার, যুবমৈত্রীর জেলা সাধারণ সম্পাদক কায়সার আলম, খেলাঘর উত্তর জেলার সাধারণ সম্পাদক ইমাম হোসেন, ছাত্র ইউনিয়নের জেলা সভাপতি রবিউল ইসলাম ও সাধারণ সম্পাদক আহসান হাবীব, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নগর সভাপতি আল কাদেরী প্রমুখ বক্তব্য দেন। সমাবেশ শেষে একটি মশালমিছিল বের করা হয়।