গণজাগরণ মঞ্চের মিছিল ও জমায়েত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোলাম আযমের কারাদণ্ডের রায় প্রত্যাখ্যান করে গতকাল সোমবার চট্টগ্রামে গণজাগরণ মঞ্চ বিক্ষোভ মিছিল করেছে। পরে তারা নগরের প্রেসক্লাব চত্বরে জমায়েত হয়ে স্লোগান ও বক্তৃতার মাধ্যমে রায়ের প্রতিবাদ জানায়। জানা গেছে, দুপুরে গোলাম আযমের ৯০ বছরের কারাদণ্ডের রায় ঘোষণার পরপরই নগরের মোমিন রোড এলাকা থেকে গণজাগরণ মঞ্চ একটি মিছিল বের করে। মিছিলকারীরা প্রেসক্লাব চত্বরে এসে ফাঁসির দাবিতে স্লোগান দিতে থাকেন। এ সময় তাঁরা ‘৯২-এর গণরায়, ফাঁসি দাও দিতে হবে’, ‘গোলাম আযম রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়’, ‘তোমার আমার ঠিকানা, পদ্মা মেঘনা যমুনা’ ইত্যাদি স্লোগান দেন।এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে গণজাগরণ মঞ্চের সমন্বয়কারী শরীফ চৌহান বলেন, ‘গোলাম আযমের নির্দেশে এ দেশে গণহত্যা হয়েছে। তাঁর কারাদণ্ডের রায় আমাদের হতাশ করেছে। আমরা এই জঘন্য হত্যাকারীর ফাঁসি চাই। ’এদিকে রায় ঘোষণার আগে নগরের প্রেসক্লাব চত্বরে মিছিল ও সমাবেশ করেছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি। এ সময় তারা গোলাম আযমের ফাঁসির দাবি জানায়। রায় ঘোষণার পরপরই তারা চত্বর ছেড়ে চলে যায়। বেলা আড়াইটার দিকে তারুণ্য স্কোয়াড নামের একটি সংগঠনের চার-পাঁচজন ক্ষুব্ধ তরুণ ব্যানার হাতে নগরের জামালখান এলাকায় অবস্থিত কেয়ারি আবাসন কোম্পানির একটি নির্মাণাধীন ভবনের কাচ ভাঙচুর করে। রায়ে ক্ষুব্ধ হয়ে তারা এই ভাঙচুর করে বলে জানা গেছে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।