গণজাগরণ মঞ্চের মিছিল সমাবেশ
চট্টগ্রামে গতকাল বৃহস্পতিবার দিনভর গণজাগরণ মঞ্চ মিছিল-সমাবেশ করেছে। সকালে কাদের মোল্লার ফাঁসি কার্যকরের দাবিতে মঞ্চের কর্মীরা চেরাগী পাহাড় মোড়ে অবস্থান নেন। পরে দুপুরে আবদুল কাদের মোল্লার ফাঁসির রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ হওয়ার পর তাঁরা লাঠি হাতে আনন্দমিছিল বের করেন।
সন্ধ্যায় মশাল মিছিলের মাধ্যমে তাঁদের গতকালের কর্মসূচি শেষ হয়। রায় কার্যকর না হওয়া পর্যন্ত গণজাগরণ মঞ্চের কর্মীরা আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। দিনভর অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, ‘জামায়াত-শিবির দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। আদালতের রায় তারা মানছে না। এ দেশ যুদ্ধাপরাধীদের উল্লাসমঞ্চ হতে পারে না।’ সমাবেশে চট্টগ্রাম গণজাগরণ মঞ্চের সদস্যসচিব ও উদীচীর কেন্দ্রীয় সহসভাপতি চন্দন দাশ, গণজাগরণ মঞ্চের সমন্বয়কারী শরীফ চৌহান, প্রমা আবৃত্তি সংগঠনের সভাপতি ও সংস্কৃতিকর্মী রাশেদ হাসান, উদীচী চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক সুনীল ধর, খেলাঘর সংগঠক শীলা দাশ, যুব মৈত্রীর কায়সার আলম, সংস্কৃতিকর্মী আলাউদ্দিন খোকন প্রমুখ বক্তব্য দেন। সমাবেশে সংহতি জানায় উদীচী, সাম্প্রদায়িকতাবিরোধী তরুণ উদ্যোগ, খেলাঘর, প্রমা, যুব মৈত্রী, ছাত্র ইউনিয়ন, ছাত্র মৈত্রী ও ছাত্রফ্রন্ট।