
দফায় দফায় পুলিশের বাধা। ধাওয়া। লাঠিপেটা। আটক। এর মধ্যেই গণজাগরণ মঞ্চের জমায়েতের চেষ্টা। পাকিস্তানবিরোধী স্লোগান। হাতে হাতে বাংলাদেশের জাতীয় পতাকা। আটক কর্মীদের ছাড়িয়ে নেওয়ার চেষ্টা। পুলিশের লাঠিপেটায় আহত মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারসহ ২০-২৫ জন। ১১ জনকে আটকের পর মুক্তি।
গতকাল বৃহস্পতিবার বেলা তিনটা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত এই ছিল গণজাগরণ মঞ্চের ‘ঢাকায় পাকিস্তান হাইকমিশন অভিমুখে মিছিল’কে ঘিরে পুলিশের তৎপরতা। এ ঘটনার প্রতিবাদে আজ শুক্রবার বেলা তিনটায় শাহবাগসহ দেশব্যাপী বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দিয়েছে গণজাগরণ মঞ্চ।
জামায়াতে ইসলামীর নেতা কাদের মোল্লার ফাঁসি নিয়ে পাকিস্তান সরকারের শোক ও নিন্দা প্রস্তাবের ঘটনায় গত বুধবার কয়েক দফা পুলিশি বাধা পেরিয়ে ঢাকায় দেশটির হাইকমিশন ঘেরাও করেন গণজাগরণ মঞ্চের কর্মীরা। তাঁরা দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক অস্থায়ীভাবে ছিন্ন করার ২০ ঘণ্টা সময় বেঁধে দেন।
গতকাল বেলা তিনটায় বেঁধে দেওয়া সময় শেষ হলে মঞ্চের কর্মীরা গুলশান ২ নম্বর চত্বরে পুলিশ বক্সের কাছে জড়ো হতে থাকেন। সোয়া তিনটার দিকে পুলিশ সেখানে গিয়ে লাঠিপেটা করে মঞ্চের কর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। তবে ঘণ্টা খানেক আগেই পুলিশ বক্সের কাছে ব্যারিকেড দেয় পুলিশ। সাঁজোয়া যান, জলকামান ও প্রিজন ভ্যান নিয়ে প্রস্তুত ছিল পুলিশ।
সোয়া তিনটা থেকে সাড়ে তিনটা
পুলিশ দুই দফা ধাওয়া দিয়ে গুলশান-২ নম্বর চত্বর ফাঁকা করে ফেলে। এ সময় পুলিশ গণজাগরণ মঞ্চের নেতা-কর্মীদের ওপর লাঠিপেটার পাশাপাশি লাথি মারতে থাকে। তখন পুলিশের সাঁজোয়া যান মিছিলের দিকে দ্রুতগতিতে ছুটে যায়। কিন্তু কর্মীরা পুলিশি বাধা উপেক্ষা করে পাকিস্তান হাইকমিশনের দিকে ফের যাওয়ার চেষ্টা করেন। পুলিশ আবারও ধাওয়া দিয়ে তাঁদের কাকলীর দিকে সরিয়ে দেয়। এ সময় মঞ্চের কিছু কর্মী অলিগলিতে ঢুকে পড়লে পুলিশ সেখানেও ‘শাহবাগি দালাল...’ বলে ধরপাকড় চালায়। কয়েকজনের মুঠোফোনও ছিনিয়ে নেয় পুলিশ।
সাড়ে তিনটা থেকে তিনটা ৪০
চত্বর থেকে মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারকে পেটাতে পেটাতে প্রায় টেনে প্রিজন ভ্যানে তুলে ফেলে পুলিশ। কিন্তু গণজাগরণের কর্মীরা তাঁকে টেনে নামিয়ে আনেন। পরে ১৬-২০ জন কর্মী তাঁকে ঘিরে রাখে। এ সময় নিজেরা করির সমন্বয়ক খুশী কবির, সাংসদ তারানা হালিম, মুক্তিযোদ্ধা বীর প্রতীক আবুল কালাম আজাদসহ ২০-২৫ জন কর্মী পুলিশের লাঠিপেটায় আহত হন। কয়েকজনকে টেনে-হিঁচড়ে প্রিজন ভ্যানে তুলে দ্রুত গুলশান থানায় চলে যায় কিছু পুলিশ।
তিনটা ৫৫ মিনিট
প্রথম দফায় পুলিশের লাঠিপেটায় আহত হওয়ার পর ইমরান গণমাধ্যমকর্মীদের বলেন, ‘স্বাধীন দেশে পুলিশ কেন এমন উন্মত্ত আচরণ করছে, তা বুঝতে পারছি না। আমরা শান্তিপূর্ণভাবেই অবস্থান করছিলাম। কিন্তু পুলিশ যেভাবে আমাদের ওপর চড়াও হয়েছে, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’ এ সময় তিনি অভিযোগ করেন, গণজাগরণের কয়েকজন কর্মীকে পুলিশের গাড়িতে তোলার সময় বন্দুকের নল দিয়ে আঘাত করা হয়েছে।
এর পরপরই পুলিশের যুগ্ম উপকমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) শাহাবুদ্দীন কর্মসূচি পালনে বাধা দেওয়া সম্পর্কে গণমাধ্যমকর্মীদের বলেন, ‘এটি স্পর্শকাতর এলাকা। এখানে অনেক বিদেশি দূতাবাস আছে।’ লাঠিপেটা ও আটক প্রসঙ্গে তিনি বলেন, ‘কারও ওপর নির্যাতন বা অসদাচরণ করা হয়নি। শুধু ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। কূটনৈতিক পাড়ায় এ ধরনের কর্মসূচি চলতে দেওয়া যায় না।’ মুঠোফোন ছিনিয়ে নেওয়া বা কতজনকে আটক করা হয়েছে, তিনি তা জানাননি।
বিকেল চারটা
গণজাগরণ মঞ্চের কর্মী ও বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাসান তারেক প্রথম আলোকে জানান, ইমরানের মাথা, বুক ও পিঠে আঘাত লেগেছে। আহত অবস্থায় তাঁকে প্রথমে ল্যাবএইড হাসপাতালে এবং পরে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। তিনি আরও জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের সভাপতি সজীব, সাধারণ সম্পাদক আল আমিন ও কেন্দ্রীয় কমিটির অনিকের আঘাত গুরুতর। এ ছাড়া অনিকের মুঠোফোন পাওয়া যাচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।
গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক আক্কু চৌধুরী গণমাধ্যমকর্মীদের জানান, ‘আমরা তো জামায়াত-শিবির নই! এ সমাবেশে কেউ কেউ মুক্তিযোদ্ধা ও বয়স্ক ব্যক্তি। তাঁদের গায়ে পুলিশ কেন হাত তুলল? মুক্তিযোদ্ধাদের মারতে তাদের হাত কাঁপছে না? সবাই এখানে শান্তিপূর্ণ সমাবেশ করতে এসেছে।’
চারটা ১০ মিনিট
চত্বরে ধাওয়া-ধরপাকড়ের পর কিছুটা শান্ত। ছেঁড়া জুতা হাতে নিয়ে হতবাক দাঁড়িয়ে রয়েছেন মুক্তিযোদ্ধা ফরিদ শেখ। পেশায় খুদে ব্যবসায়ী। তিনি বলেন, ‘আমি গণজাগরণের কর্মী না। কখনো শাহবাগে যাইনি। কিন্তু কাদের মোল্লার ফাঁসি নিয়ে পাকিস্তানের আস্ফাালন ও শোক প্রস্তাব একজন বাঙালি হিসেবে মেনে নিতে পারছি না। আজ গণজাগরণের কর্মসূচিতে যোগ দিয়েছিলাম পাকিস্তান হাইকমিশনে জুতা মারব বলে, কিন্তু স্বাধীন দেশে পুলিশের উন্মত্ত আচরণ অবাক করে দিয়েছে। তিনি এই প্রতিবেদককে জিজ্ঞেস করেন, ‘এটা কি মুক্তিযুদ্ধের সপক্ষের গণজাগরণ মঞ্চ, নাকি জামায়াতের কোনো মিছিলে যোগ দিয়েছি? পুলিশ কেন তাড়াইল?’
সোয়া চারটা
পৌনে চারটার দিকে পুলিশের লাঠিপেটায় আহত বাদলকে পানি খাওয়াতে এসে নারী পুলিশের হাতে ধরা পড়েন সালমা। তিনি সাংবাদিকদের জানান, তাঁর বাড়ি গোপালগঞ্জে। তাঁর হাতব্যাগে পানির বোতল থাকায় তিনি আহত মানুষের সেবার এগিয়ে এসেছিলেন। কিন্তু নারী পুলিশ তাঁকে শুধু শুধু আটকে রেখেছে বলে অভিযোগ করেন তিনি।
সাড়ে চারটা থেকে সাড়ে পাঁচটা
গুলশান থানায় আটক কর্মীদের ছাড়িয়ে নিতে আসেন খুশী কবির। দুজন নারী কর্মী পুলিশ হেফাজতে থেকে অভিযোগ করেন, প্রিজন ভ্যানে উঠিয়ে পুলিশ তাঁদের লাঞ্ছিত করেছে।
পৌনে পাঁচটার সময় শাম্মী হকসহ আরও তিন কর্মীকে ল্যাবএইডের সামনে থেকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। পরে আক্কু চৌধুরী ও খুশী কবিরের মধ্যস্থতায় আটককৃতদের ছেড়ে দেওয়া হয়।
লাঞ্ছনার অভিযোগ সম্পর্কে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, এসব অভিযোগ সত্য নয়।
সাড়ে পাঁচটায় গুলশানের ইউনাইটেড হাসপাতালের নিচে গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক মারুফ রসুল সাংবাদিকদের জানান, পাকিস্তান হাইকমিশন ঘেরাওয়ে পুলিশের বাধা, লাঠিপেটা ও গ্রেপ্তারের প্রতিবাদে আজ শুক্রবার বেলা তিনটায় শাহবাগের প্রজন্ম চত্বরে বিক্ষোভ সমাবেশ করা হবে। একই কর্মসূচি দেশের অন্যান্য এলাকায়ও পালন করা হবে।