গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরানের বিরুদ্ধে বরিশালে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার শাহবাগের গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারসহ আট জন ব্লগারের বিরুদ্ধে বরিশাল মুখ্য মহানগর হাকিম আদালতে নালিশি মামলা করা হয়েছে। ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগ এনে আইনজীবী সুলতান আহমেদ খান ওই নালিশি মামলা করেন। আদালতের বিচারক মো. মাসুদুর রহমান মামলার নথি পর্যালোচনা করে কাল বুধবার আদেশের দিন ধার্য করেন। গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার ছাড়া মামলার অন্য আসামিরা হচ্ছেন ব্লগার আসিফ মহিউদ্দিন, আরিফুর রহমান, অমি রহমান পিয়াল, ইব্রাহিম খলিল, বিপ্লব, কে এম হাসান ও আরিফ। মামলার আরজিতে বলা হয়, আসামিরা ২০১০ সালের ২ জুলাই রাত সাড়ে ১০টা থেকে বর্তমান সময় পর্যন্ত ফেসবুক ও ব্লগে নামে-বেনামে আল্লাহ, মহানবী (সা.) ও ইসলাম সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য লিখে আসছেন। সামহোয়ার ইন ব্লগ, আমার ব্লগ, নূরাণী চাপাসহ অন্যান্য সাইটে তাঁরা নামে-বেনামে লেখা দিয়ে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে প্রচণ্ড আঘাত করেছেন।