গণজাগরণ মঞ্চের রোডমার্চে বগুড়ায় ককটেল হামলা
বগুড়ার শেরপুর ও শাজাহানপুরে গণজাগরণ মঞ্চের রোডমার্চের গাড়িবহরে দফায় দফায় ককটেল হামলা ও ঢিল ছোড়ার ঘটনা ঘটেছে। ঢিলে গাড়ির কাচ ভাঙচুর করা হয়েছে এবং রোডমার্চের সফরসঙ্গী চারজন আহত হয়েছেন। গণজাগরণ মঞ্চের ঢাকার শাহবাগ চত্বরের সংগঠক শিবলী হাসান এ হামলার কথা নিশ্চিত করেন। তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তিদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটা থেকে রাত সাড়ে আটটার মধ্যে বগুড়ার শেরপুরের শেরুয়া বটতলা, বনানীর লিচুতলা, শাজাহানপুরের ফটকি সেতু ও রাধারঘাট এলাকায় এসব হামলার ঘটনা ঘটে। পুলিশ হামলাকারীদের ছত্রভঙ্গ করতে ফাঁকা গুলি ছুড়েছে। স্থানীয় ব্যক্তিরা জানান, এ সময় শতাধিক ককটেল হামলা চালানো হয়। বগুড়ার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক প্রথম আলোকে বলেন, গণজাগরণ মঞ্চের গাড়িবহর সমাবেশের দিকে আসার পথে দূর থেকে ককটেল হামলা চালানো হয়।
গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার অভিযোগ করেন, বগুড়ায় সমাবেশে যোগ দেওয়ার আগে বগুড়ার বিভিন্ন জায়গায় রোডমার্চের গাড়িবহর লক্ষ্য করে চার দফায় শতাধিক ককটেল হামলা ও গুলিবর্ষণ করেছে জামায়াত-শিবিরের সন্ত্রাসীরা।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ হাশমী বলেন, কারা এ ঘটনা ঘটিয়েছে, তা নিশ্চিত হতে অনুসন্ধান চালানো হচ্ছে।
শেরপুর উপজেলা গণজাগরণ মঞ্চের আহ্বায়ক তারিকুল ইসলাম বলেন, স্থানীয় জামায়াত-শিবির তাঁদের শান্তিপূর্ণ রোডমার্চের গাড়িবহরে এ হামলা চালিয়েছে। ওই এলাকায় বিগত হরতাল-অবরোধের দিনগুলোতেও স্থানীয় জামায়াত-শিবির একাধিক গাড়িতে বোমা ও পেট্রলবোমার হামলাসহ এবং চলন্ত গাড়িতে আগুন ধরিয়ে পুড়িয়ে দিয়েছিল। অবিলম্বে এই হামলাকারীদের গ্রেপ্তারের জন্য দাবি জানান তিনি।
সাম্প্রদায়িক সন্ত্রাস প্রতিরোধে তিন দফা দাবি নিয়ে ঠাকুরগাঁও অভিমুখে গণজাগরণ মঞ্চের তিন দিনব্যাপী রোডমার্চ শুরু হয়েছে গতকাল। সকাল ১০টায় ঢাকার শাহবাগ চত্বর থেকে আটটি বড় বাস, ট্রাকসহ মোট ১০টি গাড়ির বহর নিয়ে গণজাগরণ মঞ্চের এই রোডমার্চ শুরু হয়। পথে বিভিন্ন স্থানে রোডমার্চ সভা-পথসভায় মিলিত হয়।
এটি গণজাগরণ মঞ্চের দ্বিতীয় রোডমার্চ। গণজাগরণ মঞ্চ এর আগে ১০ ও ১১ জানুয়ারি একই লক্ষ্যে ঢাকা থেকে যশোরের মালোপাড়া অভিমুখে রোডমার্চ সম্পন্ন করে।
রোডমার্চে অংশ নিতে গতকাল সকাল সাতটা থেকেই নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ শাহবাগে জড়ো হতে থাকেন। এরপর ইমরান এইচ সরকারের নেতৃত্বে গাড়িযোগে তাঁরা ঠাকুরগাঁওয়ের উদ্দেশে রওনা হন। রোডমার্চে সংহতি জানিয়ে ছাত্র ইউনিয়নের সমাজক্যলাণ সম্পাদক লাকি আকতার, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহিদুল ইসলাম সজীব, ছাত্র ফ্রন্টের সভাপতি জনার্দন দত্ত, ছাত্রমৈত্রীর সাধারণ সম্পাদক তানভীর রুসমত, জাসদ ছাত্রলীগের সভাপতি শামসুল ইসলাম, উদীচী শিল্পীগোষ্ঠীর সাংগঠনিক সম্পাদক সংগীতা ইমাম প্রমুখ অংশ নিয়েছেন।
রোডমার্চ রাত সাড়ে আটটার দিকে বগুড়া শহরে পৌঁছায়। সেখানে সাতমাথায় এক সমাবেশে বক্তব্য দেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার ও স্থানীয় নেতারা। এর আগে বগুড়ায় গণজাগরণ মঞ্চের সমাবেশেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিকেল পৌনে পাঁচটার দিকে সাতমাথায় ওই সমাবেশ লক্ষ্য করে ককটেল ছোড়া হয়। এতে হতাহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি। বগুড়া থানার পুলিশ এই ককটেল হামলার কথা নিশ্চিত করেছে। বগুড়ায় রাতে রোডমার্চ যাত্রাবিরতি করবে। আজ সকালে রোডমার্চ গাইবান্ধার আক্রান্ত এলাকায় যাবে। ঢাকা থেকে ঠাকুরগাঁওয়ের পথে রোডমার্চটির মোট ২২টি স্থানে সভা-পথসভায় মিলিত হওয়ার কথা।
রোডমার্চ গতকাল দুপুরে মির্জাপুর উপজেলার জামুর্কীতে পৌঁছায়। সেখানে এক পথসভায় ইমরান এইচ সরকার তাঁর বক্তব্যে দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত করে দ্রুত বিচার ট্রাইব্যুনালে দোষী ব্যক্তিদের বিচারের দাবি জানান।
বিকেল চারটার দিকে টাঙ্গাইল অতিক্রম করে রোডমার্চ। রোডমার্চের গাড়িবহর সদর উপজেলার রাবনা বাইপাসে এসে পৌঁছালে টাঙ্গাইল গণজাগরণ মঞ্চের সংগঠক আবুল কালাম আজাদ, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সানিয়াত খান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির সদস্য এলেন মল্লিকসহ মঞ্চের স্থানীয় নেতারা তাঁদের স্বাগত জানান।
বিকেল সোয়া চারটার দিকে সিরাজগঞ্জে পৌঁছায় রোডমার্চ। শহরের মুক্তির সোপান শহীদ মিনারে আয়োজিত জনসভায় ইমরান সরকার বলেন, জামায়াত-শিবিরের রাজনীতি এ দেশে চলমান থাকলে মুক্তিযুদ্ধের চেতনায় যে অসাম্প্রদায়িক বাংলা গড়ার স্বপ্ন, তা কিছুতেই বাস্তবায়ন করা সম্ভব হবে না। এই স্বপ্ন পূরণে অবশ্যই জামায়াত-শিবিরের রাজনীতি আইন করে নিষিদ্ধ করতে হবে। জামায়াত-শিবিরের বাধা উপেক্ষা করে ভোট দেওয়ার কারণেই ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলা হচ্ছে।
সিরাজগঞ্জের স্থানীয় নেতাদের মধ্যে বক্তব্য দেন সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সাংসদ হাবিবে মিল্লাত, সিরাজগঞ্জ গণজাগরণ মঞ্চের সভাপতি খালিদ সাইফুল্লাহ, সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রমুখ।
[প্রতিবেদনটি তৈরিতে সহায়তা করেছেন নিজস্ব প্রতিবেদক, বগুড়া ও সিরাজগঞ্জ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবেদক এবং টাঙ্গাইল, মির্জাপুর (টাঙ্গাইল) ও শেরপুর (বগুড়া) প্রতিনিধি]