গণজাগরণ মঞ্চের শান্তিপূর্ণ হরতাল
গণজাগরণ মঞ্চের হরতালে চার মহানগরের কোথাও সহিংসতা বা অপ্রীতিকর কোনো খবর পাওয়া যায়নি। শান্তিপূর্ণভাবেই কর্মসূচি পালন করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা।
প্রকাশক ফয়সল আরেফিন হত্যা এবং প্রকাশক আহমেদ রশীদ টুটুল, কবি তারেক রহিম ও ব্লগার রণদীপম বসুকে হত্যাচেষ্টার প্রতিবাদে গতকাল আধা বেলা হরতাল পালন করে গণজাগরণ মঞ্চ।
চট্টগ্রামের হরতাল ছিল ঢিলেঢালা। নগরে যান চলাচল ছিল প্রায় স্বাভাবিক। ট্রেন চলাচলও। দোকানপাট খোলা থাকলেও হরতাল চলাকালে বন্ধ ছিল শিক্ষাপ্রতিষ্ঠান। রংপুরে হরতাল চলাকালে অনেক ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। ফয়সল আরেফিনের বাবা আবুল কাশেম ফজলুল হককে উদ্দেশ করে আপত্তিকর মন্তব্য করায় আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মাহবুব উল আলম হানিফের কুশপুত্তলিকা দাহ করা হয়েছে।
বরিশালে কিছু দোকানপাট বন্ধ থাকলেও যান চলাচল ছিল স্বাভাবিক। সকাল সাড়ে সাতটায় হরতালের সমর্থনে পুলিশ প্রহরায় মিছিল বের করেন গণজাগরণ মঞ্চের কর্মীরা।