গণজাগরণ মঞ্চের সন্তোষ
মানবতাবিরোধী অপরাধে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকর করায় সন্তোষ প্রকাশ করেছেন গণজাগরণ মঞ্চের কর্মী ও সংগঠকেরা।
গতকাল মঙ্গলবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে তাঁরা অবস্থান কর্মসূচি থেকে এ সন্তোষ প্রকাশ করেন। রায় কার্যকর করাকে কেন্দ্র করে রাত নয়টার আগে থেকেই তাঁরা শাহবাগে অবস্থান নেন। রাত ১২টার পর ফাঁসি কার্যকর হওয়ার খবর শাহবাগে পৌঁছালে তাঁরা উল্লাস প্রকাশ করেন। তাঁরা একে অন্যকে জড়িয়ে ধরে শুভেচ্ছা জানান।
উপস্থিত জনতা নতুন স্লোগান ধরে, ‘এইমাত্র খবর এল, রাজাকারের ফাঁসি হলো’, ‘হাট্টিমাটিম টিম তারা মাঠে পাড়ে আন্ডা, নিজামীর ফাঁসি হলো এবার মাথা হবে ঠান্ডা’, ‘জামায়াতে ইসলাম, মেড ইন পাকিস্তান’, ‘জয় বাংলা, জয় জনতা’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে শাহবাগ এলাকা।
গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, এ ঘটনা ন্যায়বিচারের পথে ও আইনের শাসনের বাংলাদেশ প্রতিষ্ঠায় মাইলফলক হয়ে থাকবে। এ রায়কে ‘আলোর পথে যাত্রার মাইলফলক’ হিসেবে অভিহিত করেন তিনি। পরে একটি আনন্দ মিছিল করেন তাঁরা।