গণজাগরণ মঞ্চের সন্তোষ প্রকাশ

একাত্তরে মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ফাঁসির রায় বহাল থাকায় সন্তোষ প্রকাশ করেছে গণজাগরণ মঞ্চ। মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেছেন, এই রায়ের মধ্য দিয়ে দেশের ১৬ কোটি মানুষের প্রত্যাশা পূরণ হয়েছে। তিনি বলেন, ‘গণজাগরণ মঞ্চের পক্ষ থেকে আমরা সন্তোষ প্রকাশ করছি। প্রত্যাশা করছি, অবিলম্বে রায় কার্যকর করে দেশকে চূড়ান্তভাবে কলঙ্কমুক্ত করা হবে।’
আজ বুধবার বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে যুদ্ধাপরাধী সাকা-মুজাহিদের ফাঁসির রায় কার্যকরের দাবিতে গণজাগরণ মঞ্চ বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে। সেখানে ইমরান এসব কথা বলেন।
ইমরান অভিযোগ করেন, যুদ্ধাপরাধীদের বিচারপ্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে নানাভাবে এই বিচারপ্রক্রিয়া বিলম্বিত করা হয়েছে। ধাপে ধাপে সময়ক্ষেপণ করা হয়েছে। তিনি বলেন, ‘আমরা প্রত্যাশা করছি, নতুন করে কোনো সময়ক্ষেপণ না করে রায় শিগগিরই কার্যকর করা হবে। কেননা আইনশৃঙ্খলা ও গোয়েন্দাবাহিনী ইতিমধ্যে বলেছে—এই যুদ্ধাপরাধী ও তাদের দোসররা বাংলাদেশে নানাভাবে নাশকতা, অস্থিরতা ও অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। তাই যত বেশি সময়ক্ষেপণ করা হবে, তত বেশি তারা দেশে অস্থিতিশীলতা তৈরির সুযোগ পাবে।’
ইমরান বলেন, যুদ্ধাপরাধীদের বিচার শুরু হওয়ার পর থেকে একের পর এক সহিংসতা চলছে। তারা বাস থেকে শুরু করে রাস্তায়, এমনকি ঘরেও পেট্রলবোমা মেরেছে। এরপর শুরু করেছে ঘরে-বাইরে মানুষ হত্যা। এরপর বিদেশিদের এবং লেখক, ব্লগার ও প্রকাশকদের হত্যা শুরু হয়েছে।
এর আগে আজ বেলা সাড়ে ১১টার দিকে ফাঁসির রায় বহাল রাখার খবর পেয়ে শাহবাগে আনন্দ ও উল্লাস করে স্লোগান দেন মঞ্চের কর্মীরা। পরে আনন্দ মিছিল বের করেন তাঁরা।