একাত্তরে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার মৃত্যু পরোয়ানা জারি করায় সন্তোষ প্রকাশ করেছে গণজাগরণ মঞ্চ। এ উপলক্ষে গতকাল রোববার রাতে গণজাগরণ মঞ্চ রাজধানীর শাহবাগ থেকে আলোর মিছিল বের করে।
কাদের মোল্লার মৃত্যু পরোয়ানা জারির খবর পেয়ে গণজাগরণ মঞ্চের নেতা-কর্মীরা বিকেল থেকে শাহবাগে জড়ো হন। রাত সাতটার দিকে শাহবাগ থেকে তাঁরা আলোর মিছিল বের করেন। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মোড় ঘুরে শাহবাগ হয়ে কাঁটাবন মোড় ঘুরে শাহবাগে গিয়ে শেষ হয়।
সেখানে সংক্ষিপ্ত সমাবেশে মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার মৃত্যু পরোয়ানা জারি হওয়ায় সন্তোষ প্রকাশ করে বলেন, মৃত্যুদণ্ড কার্যকর হলে গণজাগরণ মঞ্চ বিজয়ীর মনোভাব নিয়ে আসন্ন বিজয় উৎসব পালন করবে। গণজাগরণ মঞ্চের দাবিগুলো প্রাথমিকভাবে পূরণ হওয়ার পথে। তবে সব রাজাকারের ফাঁসি না হওয়া পর্যন্ত তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন।