গণজাগরণ মঞ্চের সবাই মুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহবাগে গতকাল শুক্রবার পাল্টাপাল্টি সমাবেশ করতে আসা গণজাগরণ মঞ্চের দুই অংশের আটক সাতজনের সবাই মুক্তি পেয়েছেন।

পাঁচজনকে আজ শনিবার দুপুরে মুচলেকা নিয়ে ছেড়ে দেয় শাহবাগ থানা পুলিশ। বাকি দুজনকে আদালতে পাঠানো হলে আদালত তাঁদের জামিন দেন।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) হাবিল হোসেন প্রথম আলোকে বলেন, ‘বৃহস্পতিবার দুটি মামলায় আটককৃতদের দুজনের নাম থাকায় তাঁদের আদালতে পাঠানো হয়। তাঁরা দুজন জামিন পেয়েছেন।’ জামিন পাওয়া দুজন হলেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মেহেদী হাসান ও গণজাগরণ মঞ্চের কর্মী শামস রশীদ জয়।
মুচলেকা দিয়ে থানা থেকে বের হয়েছেন গণজাগরণ মঞ্চের ইমরানপন্থী কর্মী ধীমান আজিজ, ফরিদ আহমেদ, সোহাগ আজিজ, টিটু এবং ইমরানবিরোধী অংশের কর্মী পারভেজ আহমেদ।
বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় শাহবাগে গণজাগরণ মঞ্চের দুই পক্ষের মধ্যে মারামারি হয়। রাত দুইটার দিকে দুই পক্ষই থানায় মামলা করে।
গণজাগরণ মঞ্চের কর্মী নবেন্দু সাহা জয় বাদী হয়ে তাঁদের ওপর হামলার অভিযোগে একটি মামলা করেন। এতে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের মেহেদী হাসান, মুক্তিযুদ্ধ প্রজন্ম কেন্দ্রীয় সংসদের হাবিবুল্লাহ মিজবাহ, গৌরব ’৭১-এর এম এম শাহীন, গণজাগরণ কর্মী আবির ঘোষ, শিশির, ছাত্রলীগের উপসাংস্কৃতিক সম্পাদক শেখ আসমান, যুবলীগের নেতা নাসিম রূপক ও মো. বাবুলকে আসামি করা হয়।
আর মেহেদী হাসান বাদী হয়ে তাঁদের ওপর হামলার পাল্টা অভিযোগ এনে ইমরান এইচ সরকার, মাহমুদুল হক মুন্সী ও আগের মামলার বাদী নবেন্দু সাহার বিরুদ্ধে অপর মামলাটি করেন।
এরই জের ধরে গতকাল শুক্রবার উভয় পক্ষ পাল্টাপাল্টি সমাবেশ করতে যায়। সমাবেশে লাঠিপেটা করে পুলিশ সাতজনকে আটক করে।